দাবানলে পুড়ছে সাইপ্রাস, আসছে আন্তর্জাতিক সহায়তা
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে সাইপ্রাস। আগুন নিয়ন্ত্রণে আনতে সাইপ্রাসের আন্তর্জাতিক সাহায্যের আহ্বানে এরই মধ্যে সহায়তা আসতে শুরু করেছে।
বিবিসি জানায়, কয়েকটি দেশ সাইপ্রাসে পাঠিয়েছে অগ্নিনির্বাপণ বিমান। গ্রিস, ইতালি এবং ইসরায়েল সাহায্য করার প্রস্তুতি দিয়েছে। আর দ্বীপটিতে থাকা ব্রিটিশ সেনারা আগুন নেভানোর কাজে নেমে পড়েছে।
দেশের লিমোসল জেলায় শুরু হওয়া এ দাবানল তীব্র বাতাসে আরও ছড়িয়ে পড়ছে। ঝুকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেককে।
দাবানলে রোববার পর্যন্ত চার জন মারা গেছেন। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই মিশরীয় কৃষক। স্থানীয় গণমাধ্যম জানায়, পুড়ে যাওয়া একটি যানের প্রায় ৪০০ মিটার দূরে নিহতদের মরদেহ পাওয়া যায়।
দাবানল ও মৃত্যুর পুরো ঘটনাটাকে ‘দুঃখজনক’ বলে বর্ণনা করেছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট। “১৯৭৪ সালের পর এটিই সবচেয়ে ভয়াবহ দাবানল”, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লেখেন তিনি।
অন্যদিকে আগুন লাগানোর সন্দেহে ৬৭ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। দাবানল শুরু হওয়ার কাছাকাছি সময়ে তাকে এক প্রত্যক্ষদর্শী গাড়ি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন বলে শনিবার জানায় পুলিশ।
গত এক সপ্তাহ ধরে তীব্র তাপদাহের সাইপ্রাসের জনজীবন বিপন্ন। শীতপ্রধান এই দেশে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেড়েছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জরুরি স্যাটেলাইট ‘কোপারনিকাস’ দাবানল পরিস্থিতি নজরে রাখছে বলে জানিয়েছে ইউরোপের সঙ্কট ব্যবস্থাপনা কমিশন। আগুন যাতে আরও ছড়িয়ে যেতে না পারে তারই চেষ্টা চলছে এখন।
