২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে বোলসোনারো-বিরোধী বিশাল বিক্ষোভ

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে রাস্তায় নেমে বিশাল বিক্ষোভ করেছেন হাজারো মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2021, 07:46 PM

Updated : 10 Oct 2022, 06:04 PM

করোনাভাইরাস পরিস্থিতি সামাল দেওয়ায় বলসোনারোর ব্যর্থতার জন্য তার বিরুদ্ধে এ বিক্ষোভ করছে জনগণ।

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড টিকা কেনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বোলসোনারো সরকারের বিরুদ্ধে এ বিক্ষোভ শুরু হয়েছে।

বিবিসি জানায়, গতমাসে ব্রাজিলে কোভিডে মৃত্যুর সংখ্যা ৫ লাখ পেরিয়েছে। বিশ্বে যুক্তরাষ্ট্রের পর এটিই করোনাভাইরাসে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।

গত শুক্রবার ব্রাজিলের সুপ্রিম কোর্ট দুর্নীতি কেলেঙ্কারিতে বোলসোনারোর ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত শুরুর ব্যাপারে প্রসিকিউটর জেনারেলের অনুরোধ অনুমোদন করেছে।

তবে বোলসোনারো ভুল কিছু করার কথা অস্বীকার করেছেন। বিরোধীরা তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর জন্য অতিরঞ্জিত সব অভিযোগ তুলছে বলে অভিযোগ করেছেন বোলসোনারো।

ওদিকে, বিক্ষোভকারীরা করোনাভাইরাস সংক্রমণে বিপুলসংখ্যক মানুষের মৃত্যুর জন্য বোলসোনারো সরকারকে দোষারোপ করেছে।

দেরিতে টিকা সরবরাহের নির্দেশ, অকার্যকর ওষুধের ব্যবহার উৎসাহিত করা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা কিংবা লকডাউনের মতো পদক্ষেপ নিতে অনীহা- এমন নানা কারণে প্রেসিডেন্ট বোলসোনারো তীব্রভাবে সমালোচিত হয়েছেন।

ব্রাজিলের স্বাস্থ্য ইন্‌সটিটিউট সম্প্রতি দেশের পরিস্থিতি ‘গুরুতর’ বলে সতর্ক করেছে। দেশটিতে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে মাত্র ১১ শতাংশ মানুষকে।