২৪৫তম জন্মদিনেও বিভাজন তাড়া করে ফিরছে যুক্তরাষ্ট্রকে
বেশিরভাগ প্রাপ্তবয়স্ক ভ্যাকসিন নিলেও যুক্তরাষ্ট্রে এখন কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা ফের বাড়ছে; অর্থনীতি গতিশীল, তবে মূল্যস্ফীতিও চোখ রাঙাচ্ছে। এদিকে ডেমোক্র্যাট-রিপাবলিকান সম্পর্কে খানিকটা উন্নতি দেখা গেলেও রাজনৈতিক রেষারেষি এখনও তীব্র।
জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর সাড়ে ৫ মাসে দেশটি অনেক ক্ষেত্রেই বদলে গেছে। বাইরে থেকে দেখে ব্যবসা বাণিজ্যের অবস্থাও ভালো মনে হচ্ছে, দেশের বিভিন্ন অংশে মহামারী পরিস্থিতি ক্রমাগত নিয়ন্ত্রণে আসছে।
তবে এতকিছুর পরও খানিকটা কিন্তু থেকেই যাচ্ছে।
বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি রোববার তার ২৪৫তম জন্মদিন পালন করলেও স্বাধীনতা দিবসের এই ছুটিটি বাইডেনের আশা বা প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে উদ্যাপিত হচ্ছে না বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হোয়াইট হাউসের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ককে কোভিড-১৯ টিকার অন্তত একটি ডোজ দেওয়া, সেই ‘টার্গেট’ পূরণ হয়নি। দেশের অবকাঠামো মেরামত বিষয়ক আইনও বাইডেনের ডেস্ক থেকে এখনও অনেক দূরে।
রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউসের লনে এক হাজার ব্যক্তিকে নিয়ে একটি অনুষ্ঠান এবং ন্যাশনাল মলের ওপর আতশবাজি পোড়ানোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবারের স্বাধীনতা দিবস পালন করবেন।
তার এবং যুক্তরাষ্ট্রের এমন উদ্যাপনের হক আছে বলে মনে করেন ইতিহাসবিদরাও।
“এক বছর আগের তুলনায় অর্থনৈতিক, জনস্বাস্থ্য এবং জাতীয় চেতনা বিবেচনায়, মনে হচ্ছে যেন আমরা প্রায় আলাদা একটি দেশে আছি,” বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের ইতিহাস নিয়ে কাজ করা মাইকেল বেশলস।
বাইডেনকে এখন মহামারী মোকাবেলায় যা অগ্রগতি হয়েছে তা উদ্যাপন এবং ‘মিশন সমাপ্ত’ ঘোষণা করার মাঝে থাকা সুতার উপর দিয়ে সাবধানে হাঁটতে হচ্ছে, বলেছেন তিনি।
“বাইডেন যদি মহামারী শেষের ঘোষণা দিতে তাড়াহুড়া করেন, যা এখনো তিনি করেননি, তাহলে ভবিষ্যতে আমেরিকানদের আত্মত্যাগের আহ্বান জানানোটা কষ্টকর হয়ে দাঁড়াবে; আর যদি কোনোভাবে মহামারী ফিরে আসে, তাহলে তা ডেমোক্র্যাটদেরও রাজনৈতিকভাবে ঝুঁকিতে ফেলে দেবে,” বলেন বেশলস।
দেশটিতে মহামারীর বিপদ যে এখনও দূর হয়নি, সরকারি ভাষ্যেই তার ইঙ্গিত আছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সরকার করোনাভাইরাসে আক্রান্তের দৈনিক সংখ্যা গত সপ্তাহের তুলনায় বেড়েছে বলে জানিয়েছে।
তুলনামূলক বেশি সংক্রামক ডেল্টা ধরনের বিস্তার এবং টিকাদানের হার কম হওয়ায় দেশটির মধ্যপশ্চিম ও দক্ষিণপূর্বের রাজ্যগুলোতে কোভিডের বিস্তার বেশি দেখা যাচ্ছে।
“দেশ হিসেবে আমরা উদ্যাপন করবো, একইসঙ্গে যাদের টিকা দেওয়া হয়নি, তাদের জন্য আমরা যে এখনো গুরুতর পরিস্থিতিতে আছি সেটা স্বীকার করে নিবো। এখান থেকে যে বার্তাটি দেওয়া হচ্ছে, তা হলো- টিকা নিন,” বলেছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।
তবে দেশটির অর্থনীতি যে ফের একটু একটু করে স্বরূপে ফিরছে, শুক্রবার শ্রম বিভাগের দেওয়া এক তথ্য থেকেই তা বোঝা যাবে।
তাদের হিসাবে জুনেই দেশটির কোম্পানিগুলো গত ১০ মাসের মধ্যে সবচেয়ে বেশি কর্মী নিয়োগ দিয়েছে।
তবে এ সংখ্যা অর্থনীতি যখন স্বাভাবিক ছিল, তার ধারেকাছেও না।
অসুস্থতা নিয়ে উদ্বেগ এবং সন্তানদের শিশুসদনে রাখা নিয়ে হিমশিম খাওয়া অনেকে ঘরে থাকাকে বেশি গুরুত্ব দেওয়ায় প্রয়োজনীয় কর্মী পেতেও সমস্যা পোহাতে হচ্ছে অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে।
ভ্যানডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ থমাস অ্যালান সোয়ার্টজ বলছেন, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমলের পর থেকে যুক্তরাষ্ট্রকে এখন আলাদা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।
“আমাদের সমস্যা এখন সত্যিই আলাদা। আমার মনে হয়, জো বাইডেনের আমেরিকা অনেক শান্ত, শীতল জায়গা,” বলেছেন তিনি।
গত বছর কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবৈষম্য নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে যে ভয়াবহ অস্থিরতা দেখা গিয়েছিল, ফ্লয়েড হত্যায় অভিযুক্ত শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার সাড়ে ২২ বছরের কারাদণ্ডের পর থেকে তা অনেকখানিই কমে এসেছে।
বাইডেন গত মাসে ওকলাহোমার তুলসায় গিয়ে ১৯২১ সালে সেখানে সংঘটিত কৃষ্ণাঙ্গ গণহত্যায় নিহতদের স্মরণ করেছেন; দাসত্ব থেকে মুক্তি স্মরণে প্রতিবছর ১৯ জুন কেন্দ্রীয়ভাবে ছুটি পালনের একটি বিলে স্বাক্ষর করে তাকে আইনেও পরিণত করেছেন।
কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্য কমিয়ে আনতে বাইডেন প্রশাসনের এ উদ্যোগের মধ্যেই যুক্তরাষ্ট্রজুড়ে অভ্যন্তরীণ উগ্রবাদ বিশেষ করে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের দৌরাত্ম বাড়ছে বলে জানিয়েছে মার্কিন আইন মন্ত্রণালয়।
রিপাবলিকানদের নেতৃত্বে ‘ক্রিটিকাল রেস থিউরির’ বিরুদ্ধে লড়াই, যুক্তরাষ্ট্রের ইতিহাস কীভাবে পড়ানো হবে তা নিয়ে রেষারেষিও বাড়িয়ে দিচ্ছে।
অবকাঠামো, পুলিশ সংস্কার ও অস্ত্র নিয়ন্ত্রণের মতো জনগণের আকাঙ্ক্ষার কেন্দ্রে থাকা বিষয়গুলো নিয়ে কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে বাইডেন আশ্বাস দিলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না। এসব বিল এখনও প্রেসিডেন্টের ডেস্ক অতিক্রম করতে পারেনি।
জানুয়ারিতে ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলা এবং একে কেন্দ্র করে রিপাবলিকান-ডেমোক্র্যাট বিভাজনের ক্ষত এখনও শুকায়নি। ওই হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জন নিহত হয়েছিলেন।
সম্প্রতি প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি ওই ঘটনার তদন্তে ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসির বানানো একটি কমিটিকে সহযোগিতা করা রিপাবলিকান সদস্যদের ব্যাপক সমালোচনা করেছেন।
তবে এরপরও ম্যাককার্থিকে শুক্রবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে; ওই অনুষ্ঠানে ২০২০ ওয়ার্ল্ড সিরিজ বিজয়ী বেসবল দল লস এঞ্জেলেস ডজারসকে সংবর্ধনা দেওয়া হয়।
পরে এক সাংবাদিক ম্যাককার্থির কাছে বাইডেন সমর্থিত অবকাঠামো ব্যয় বিলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করলে রিপাবলিকান এ নেতা জানান, হোয়াইট হাউসে তিনি কেবল ডজারসের অর্জন উদ্যাপনে গেছেন; এর সঙ্গে অন্য কোনোকিছুর সম্পর্ক নেই।
