সংক্রমণের ঊর্ধ্বগতি, কঠোর বিধিনিষেধের পথে ইন্দোনেশিয়া
শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হু হু করে বাড়তে থাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে আগামী ২০ জুলাই পর্যন্ত ইন্দোনেশিয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ হতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।
সংক্রমণের ঊর্ধ্বগতি এরই মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার এ দেশটির চিকিৎসা ব্যবস্থার ওপর ভয়াবহ চাপও সৃষ্টি করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ জনসংখ্যার দেশটিতে শনাক্ত রোগীর ঊর্ধ্বগতি দেখে স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিগগিরই কঠোর বিধিনিষেধ আরোপে পরামর্শ দিয়েছিলেন।
বিধিনিষেধ না দিলে ভারতে মহামারীর দ্বিতীয় ঢেউয়ে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, ইন্দোনেশিয়াও তেমনটা দেখতে পারে বলে হুঁশিয়ার করেছিলেন তারা।
ইন্দোনেশিয়ায় এখন প্রতিদিন ২০ হাজারের বেশি নতুন কোভিড রোগী শনাক্ত হচ্ছে; এই সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে দেশটি শনিবার থেকে যাতায়াত ও বিমান ভ্রমণে বিধিনিষেধ, রেস্তোরাঁয় বসে খাওয়ায় নিষেধাজ্ঞা এবং জরুরি নয় এমন সব অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটি গত ১১দিনের মধ্যে ৭দিনই দৈনিক শনাক্তের নতুন রেকর্ড দেখেছে। বৃহস্পতিবার দেশটিতে নতুন ২৪ হাজার ৮৩৬ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি মিলেছে; সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০৪ জনের।
এ নিয়ে ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮ হাজার ৯৯৫ জনে; দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যাও প্রায় ২২ লাখে পৌঁছেছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সামনের দিনগুলোতে শনাক্তকরণ পরীক্ষা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিন কিনতে অস্ট্রেলিয়া পৌনে ছয় কোটি ডলার দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
ইন্দোনেশিয়া শিগগিরই মডার্নার টিকার ৪০ লাখ ডোজ পাচ্ছে, আরও টিকা আসছে বলেও মন্ত্রী আশ্বস্ত করেছেন।
দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটির নাগরিকরা এখন মূলত চীনের সিনোভ্যাক টিকাই পাচ্ছেন।
দেশটি আগামী বছরের জানুয়ারির মধ্যে ১৮ কোটি ১৫ লাখ নাগরিককে টিকা দেওয়ার কথা বললেও এখন পর্যন্ত তারা লক্ষ্যমাত্রার সাড়ে ৭ শতাংশকে ভ্যাকসিন দিতে পেরেছে।
