২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিল বেলারুশ

ভিন্নমতাবলম্বী এক সাংবাদিককে গ্রেপ্তার করতে গত মাসে রায়ানএয়ারের উড়োজাহাজ মিনস্কে নামতে বাধ্য করার ঘটনায় বেলারুশে ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার জেরে এবার এর পাল্টা জবাব দিয়েছে দেশটি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Jun 2021, 11:44 PM

Updated : 02 Aug 2022, 06:00 PM

সোমবার বেলারুশ রাজধানী মিনস্ক থেকে ইইউ’র দূতকে ব্রাসেলসে ফেরত যেতে বলেছে। সেইসঙ্গে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইইউ-কে সহায়তাও বন্ধ করা হবে বলে জানিয়েছে বেলারুশ।

ইইউ গত সপ্তাহে বেলারুশের প্রধান রপ্তানি শিল্প এবং অর্থনৈতিক কর্মকান্ডের ওপর বিস্তৃত পরিসরে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

গত ২৩ মে গ্রিস থেকে লিথুনিয়াগামী যাত্রীবাহী উড়োজাহাজকে জোর করে মিনস্কে নামিয়ে ভিন্নমতাবলম্বী সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে গ্রেপ্তারের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল ইইউ সদস্য রাষ্ট্রগুলো। ২৭ দেশের এই জোট এরপরই বেলারুশের ওপর বিস্তৃত নিষেধাজ্ঞার পথে হাঁটে।

সোমবার এরই পাল্টা জবাবে বেলারুশের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, তারা আলোচনার জন্য ব্রাসেলসে নিযুক্ত তাদের স্থায়ী প্রতিনিধিকে ফিরিয়ে নিচ্ছে। তাছাড়া, নিষেধাজ্ঞার জন্য দায়ী ইইউ কর্মকর্তাদেরও বেলারুশে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে মন্ত্রণালয়।

সাংবাদিককে গ্রেপ্তারে উড়োজাহাজ নামতে বাধ্য করেছে বেলারুশ

ইইউ’র আকাশে নিষিদ্ধ হল বেলারুশের বিমান  

ইইউ’র বিরুদ্ধে পাল্টা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেওয়ার কাজ চলছে বলেও পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “বেলারুশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জোর করে কিছু চাপিয়ে দেওয়া যে কোনও কাজে আসে না এবং তাতে যে ক্ষতি হয় সে ব্যাপারে সচেতন থাকাটাই ইইউ কর্মকর্তা ও এর সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে আমরা আশা করি।”