২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের বাণিজ্য কৌশলের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

নতুন একটি ‘স্ট্রাইক ফোর্স’ গঠনের মাধ্যমে চীনের ‘অন্যায়’ বাণিজ্য কৌশলের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2021, 10:28 PM

Updated : 07 Apr 2022, 11:11 PM

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এ ঘোষণা দেয়।

জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তারা এ বিষয়ে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের নেতৃত্বে এই ‘সাপ্লাই চেন ট্রেড স্ট্রাইক ফোর্স’ সুনির্দিষ্টভাবে সেইসব বাণিজ্য বিধি লঙ্ঘনের দিকে নজর রাখবে যেগুলোর কারণে যুক্তরাষ্ট্রের সরবরাহ ব্যবস্থা ‘ফাঁপা’ হয়ে গেছে।

চীন ব্যবসা বিস্তারে যেসব ‘অন্যায়’ কাজ করছে তার প্রতিকার করাই এর উদ্দেশ্য।

গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা নিয়ে পর্যালোচনা প্রতিবেদন তৈরির নির্দেশ দেন এবং ১০০ দিনের মধ্যে ওই প্রতিবেদন জমা দিতে বলেন।

বাইডেন ওই প্রতিবেদনে ওষুধ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত গুরুত্বপূর্ণ পণ্য এবং বিরল খনিজ পণ্য যেগুলোর জন্য যুক্তরাষ্ট্রকে বিদেশি সরবরাহের উপর নির্ভর করতে হয় সেসব পণ্যের সরবরাহ পেতে দেশ কতটা ঝুঁকিতে আছে তা জানাতে বলেন।

যুক্তরাষ্ট্রে যখন কোভিড-১৯ মহামারী মারাত্মক রূপ নিয়েছিল তখন প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির সরবরাহ পেতে দেশটিকে খুবই বেগ পেতে হয়েছে। এখনও কম্পিউটার চিপ বা গাড়ির যন্ত্রাংশের সরবরাহ পেতে দেশটিকে ভুগতে হচ্ছে।

যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রকে ‘বেশ কয়েকটি বিদেশি সরকারের’ অন্যায্য বাণিজ্য কৌশলের মোকাবেলা করতে হচ্ছে।

তিনি বলেন, ‘‘নিশ্চিতভাবেই চীনের কয়েকটি শিল্প নীতির কারণে যুক্তরাষ্ট্রের সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মধ্যে আছে। আমার বিশ্বাস এই স্ট্রাইক ফোর্স চীন বিষয়ে আমাদের কিছু নীতির উন্নয়ন ঘটাতে মনোনিবেশ করবে।”