কানাডায় শিশুদের গণকবরের প্রতিবাদে টেনে নামানো হল ভাস্কর্য
কানাডায় আদিবাসী শিশুদের আবাসিক স্কুলে পাওয়া ২১৫ শিশুর গণকবরের প্রতিক্রিয়ায় টরোন্টোর রায়ারসন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবিদ এগারটন রায়ারসনের ভাস্কর্য টেনে নামিয়েছে প্রতিবাদী শিক্ষার্থীরা।
বিবিসি জানায়, আদিবাসী শিশুদের জন্য আলাদা বিতর্কিত আবাসিক স্কুল ব্যবস্থার স্থপতি ছিলেন রায়ারসন। তাই বিশ্ববিদ্যালয়টি তার নামে থাকায় সেখান থেকে তার প্রতিকৃতি সরানোর পাশাপাশি সেটির নাম পরিবর্তনের কথাও উঠেছে।
কিছুদিন আগে ২১৫ শিশুর গণকবর মিললে তখনই রায়ারসনের ভাস্কর্য ভাংচুর করেন কানাডার বিক্ষুব্ধ জনতা। লাল রং দিয়ে ভাস্কর্য “খুঁড়ে বের করে” এবং “জমি ফিরিয়ে দাও”-এর মতো স্লোগান লেখা হয়।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাস্কর্য টেনে নামানোর সময় আশেপাশে প্রতিবাদকারীদের উল্লাসিত হওয়ার ভিডিও দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, রোববার হাজার খানেক মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদের এক পর্যায়ে একটি ট্রাক এসে ভাস্কর্যটি নামিয়ে নিতে সাহায্য করে।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বলেন, নতুন করে ভাস্কর্যটি তোলার কোনও পরিকল্পনা নেই তাদের। সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের পুনরায় ব্র্যান্ডিং কার্যক্রমের অংশ হিসেবে নাম বদলানোর পাশাপাশি ভাস্কর্যটি নামিয়ে নেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল।
গত ২৮ মে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় আদিবাসী শিশুদের জন্য নির্ধারিত একটি পরিত্যাক্ত আবাসিক স্কুলে ২১৫ শিশুর গণকবর খুঁজে পাওয়া গেছে।
কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির ‘কামলুপ্স ইন্ডিয়ান রেসিডেনশিয়াল স্কুল’ এর শিক্ষার্থীদের এই গণকবরকে বলা হচ্ছে ১৯ এবং ২০ শতকে কানাডার ‘সাংস্কৃতিক গণহত্যার’ হদিস।
প্রায় ১৮৬৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এক লাখ ৫০ হাজারেরও বেশি আদিবাসী শিশুকে তাদের পরিবারগুলো থেকে নিয়ে এসে এসব বোর্ডিং স্কুলে রাখা হয়েছিল।
এই শিশুদের প্রায়ই তাদের নিজেদের ভাষায় কথা বলতে ও তাদের সংস্কৃতি চর্চা করতে দেওয়া হত না, তাদের অনেকের সঙ্গেই দুর্ব্যবহার ও গালাগালি করা হত।
এই পদ্ধতির প্রভাবগুলো নথিবদ্ধ করতে ২০০৮ সালে একটি কমিশন গঠন করা হয়েছিল। তারা দেখতে পায়, বিরাট সংখ্যক আদিবাসী শিশু আর কখনওই তাদের নিজেদের সমাজে ফিরে যায়নি।
