২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে সহিংসতায় উদ্বেগ থাইল্যান্ডের

মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে রক্তক্ষয়ী সহিংসতায় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে চলমান টালমাটাল অবস্থার অবসানে জান্তা সরকারের সঙ্গে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর নেতারা যেসব পদক্ষেপের ব্যাপারে একমত হয়েছিলেন, সেগুলোর দ্রুত বাস্তবায়ন দেখতে চেয়েছে থাইল্যান্ড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2021, 04:15 PM

Updated : 10 Oct 2022, 06:00 PM

রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এসব বলেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এপ্রিলে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের নেতারা জাকার্তায় মিলিত হয়ে মিয়ানমারের সংকট নিরসনে সহিংসতা বন্ধ, রাজনৈতিক সংলাপসহ ৫টি পয়েন্টে একমত হলেও ওই সম্মেলনের পর থেকে জান্তাকে এ ব্যাপারে মনোযোগ দিতে দেখা যায়নি। 

“ব্যাপক উদ্বেগের সঙ্গে আমরা মিয়ানমারের পরিস্থিতি বিশেষ করে দেশটির বিভিন্ন অঞ্চলে যেসব সহিংসতার ঘটনা ঘটছে তার ওপর গভীরভাবে নজর রাখছি,” এক বিবৃতিতে বলেছেন থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাংগ্রাত।

তিনি মিয়ানমারে সহিংসতা বন্ধ, আটক বন্দিদের মুক্তি এবং যত দ্রুত সম্ভব আসিয়ান সম্মেলনে হওয়া ৫ পয়েন্ট ‘ঐকমত্যে’ ভিত্তিতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান পুনর্ব্যক্তও করেন।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা নিয়ে এখন পর্যন্ত সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে আটক করলেও মিয়ানমারের জান্তা সরকার এখনও দেশটির ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি।

অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত অন্তত ৮৪৭ জন নিহত হয়েছে বলে দেশটির ঘটনাবলী পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠী জানিয়েছে। নিহতের এ সংখ্যার ব্যাপারে আপত্তি জানিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

দেশটিতে অভ্যুত্থানের পর থেকে কয়েক মাস টানা বিক্ষোভ, ধর্মঘট ও আইন অমান্য আন্দোলন চললেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির বিভিন্ন অংশে ওই প্রতিবাদ সশস্ত্র বিদ্রোহে রূপ নিয়েছে। বৃহত্তর স্বায়ত্তশাসন চেয়ে দশকের পর দশক ধরে যুদ্ধ চালিয়ে আসা বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়ের তীব্রতাও বেড়েছে। 

এ পরিস্থিতিতে আসিয়ানের দৃঢ় ও কার্যকর পদক্ষেপের অনুপস্থিতি নিয়ে জান্তাবিরোধীদের মধ্যে হতাশা বাড়ছে।

জোটের দুই প্রতিনিধির সঙ্গে শুক্রবার জান্তা প্রধান মিন অং হ্লাইয়ের বৈঠক অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া জেনারেলের বৈধতা আরও বাড়ালেও কোনো লাভ হয়নি, বলছেন বিরোধীরা।

থাইল্যান্ড-মিয়ানমার দীর্ঘ সীমান্ত থাকায় মিয়ানমারে সংঘাত-সহিংসতা শরণার্থীর সংখ্যা বাড়িয়ে তুলতে পারে বলে শঙ্কা থাইল্যান্ডের।

দেশটির সরকারের নেতৃত্বেও এখন সাবেক এক সেনাপ্রধান, নির্বাচনে জয়ী হয়ে আসার আগে তিনিও অভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতা দখল করেছিলেন।