কোভিড-১৯: মেক্সিকোয় মৃত্যু দুই লাখ ২৮ হাজার ছাড়াল
করোনাভাইরাস মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম উত্তর আমেরিকার মেক্সিকোতে আক্রান্তের তুলনায় মৃত্যুর সংখ্যা অনেক বেশি।
শনিবার দেশটিতে শনাক্ত মোট রোগীর সংখ্যা ২৪ লাখ ৩২ হাজার ২৮০ জনে দাঁড়িয়েছে আর এদের মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ২৮ হাজার ৭৫৪ জনের, জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মৃতের সংখ্যায় বিশ্বের চতুর্থ স্থানে থাকা দেশটিতে এ তালিকায় শীর্ষে থাকা দেশগুলোর তুলনায় শনাক্ত রোগীর সংখ্যা অনেকটা কম।
পাঁচ লাখ ৯৭ হাজার ৩৭৭ মৃত্যু নিয়ে বিশ্বে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র শনাক্ত রোগীর সংখ্যায়ও শীর্ষে আছে, সেখানে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৩৩ লাখ ৫৭ হাজার ৮০ জন।
মৃতের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মোট চার লাখ ৭২ হাজার ৫৩১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় দেশটি বিশ্বে তৃতীয় স্থানে আছে, এখানে মোট এক কোটি ৬৯ লাখ সাত হাজার ৪২৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন।
কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যায় বিশ্বে তৃতীয় স্থানে থাকা ভারত শনাক্ত রোগীর সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে। এখানে শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৮৮ লাখ নয় হাজার ৩৩৯ জন আর মৃত্যু হয়েছে তিন লাখ ৪৬ হাজার ৭৫৯ জনের।
আর কোভিড-১৯ এ মৃতের সংখ্যায় বিশ্বে চতুর্থ স্থানে থাকা মেক্সিকো শনাক্ত রোগীর সংখ্যায় ১৫তম স্থানে আছে।
সম্প্রতি প্রকাশিত পৃথক সরকারি তথ্যে মেক্সিকোয় প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অন্তত ৬০ শতাংশ বেশি হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিশ্বে করোনাভাইরাস মৃত্যুর সংখ্যায় শুধু এশিয়ার ভারত বাদে শীর্ষ পাঁচটি দেশের চারটিই দুই আমেরিকার। তালিকার শীর্ষে আছে উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে; দক্ষিণ আমেরিকার ব্রাজিল দ্বিতীয় স্থানে আর প্রতিবেশী পেরু মৃতের সংখ্যায় বিশ্বে পঞ্চম স্থানে আছে।
