২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনে বাড়ছে তাপদাহজনিত মৃত্যু: গবেষণা

বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বাড়ছে তাপদাহ। তাপদাহের কারণে বিশ্বে যত মানুষ মারা যায় তার এক-তৃতীয়াংশেরও বেশি মৃত্যুর জন্য জলবায়ু পরিবর্তনের কারণে বেড়ে যাওয়া এই বিশ্ব উষ্ণায়নকে দায়ী করছেন গবেষকরা।

নিউ ইয়র্ক টাইমস

>>দ্য

নিউ ইয়র্ক টাইমস

Published : 02 Jun 2021, 09:44 PM

Updated : 07 Apr 2022, 11:10 PM

নতুন এক গবেষণায় এ তথ্য উঠে আসার পর গবেষকরা জনস্বাস্থ্য সুরক্ষায় গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

নতুন এই গবেষণা প্রতিবেদন সোমবার ‘নেচার ক্লাইমেট চেঞ্জ’ জার্নালে প্রকাশ পায় বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

এই গবেষণা দলের ৭০ জন গবেষক ৪৩টি দেশের এপিডিমিওলজি ও ক্লাইমেট মডেলিংয়ের বড় বড় বেশ কয়েকটি প্রকল্পের মাঠ পর্যায় থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে  গবেষণা প্রতিবেদন তৈরি করেছেন।

গবেষণায় দেখা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে গরমের মৌসুমে তাপদাহ জনিত মৃত্যু ৩৭ শতাংশ বেড়ে গেছে।

এর আগেও বড় বড় কয়েকটি নগরীতে তাপদাহ চলার সময়ে একই ধরনের গবেষণায় মৃত্যু বেড়ে যাওয়ার তথ্য উঠে আসে।

নতুন গবেষণা প্রতিবেদনের জ্যেষ্ঠ গবেষক অ্যান্তোনিও গ্যাসপারিন বলেন, ‘‘জলবায়ু পরিবর্তনের বিষয়টি এখন আর দূর ভবিষ্যতের বিষয় নয়। পরিবেশ এবং মানুষের বাস্তুসংস্থানের উপর এরই মধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে। জনস্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবও এখন ‍দৃশ্যমান এবং তা পরিমাপ করা যাচ্ছে।”

গবেষকরা বলেন, যে পদ্ধতিতে গবেষণা করা হয়েছে তা যদি বিশ্বব্যাপী সম্প্রসারণ করা যায় তবে দেখা যাবে, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীজুড়ে তাপদাহ জনিত মৃত্যু লাখের বেশি বেড়ে গেছে।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ‘দ্য সেন্টার ফর হেল্থ অ্যান্ড দ্য গ্লোবাল এনভায়রনমেন্ট’ এর অধ্যাপক ক্রিস্টি এবি নতুন গবেষণা পদ্ধতি সম্পর্কে বলেন, ‘‘জলবায়ু পরিবর্তন কীভবে তাপ-সম্পর্কিত মৃত্যুতে প্রভাব ফেলছে তা বুঝতে এ এক চিন্তাশীল, অন্তর্দৃষ্টিপূর্ণ এবং চতুর পদ্ধতি।”

প্রাকশিল্পায়ন যুগের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা এরই মধ্যে ১ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার যে আশঙ্কা করা হচ্ছে। যদি সেটা সত্যি হয় তবে পৃথিবীর উপর মারাত্মক বিপর্যয় নেমে আসবে। যা ঠেকাতে বিশ্বজুড়ে কার্বন ডাই অক্সাইড এবং মিথেনের মত গ্রিন হাউজ গ্যাসের নিঃসরণ কমাতে হবে।