২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বাঁধা উপসর্গ এবার দক্ষিণ কোরিয়ায়

অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা নিয়ে এক রোগীর রক্ত জমাট বেঁধে যাওয়ার বিরল উপসর্গ দেখা দেওয়ার খবর এবার জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে এমন ঘটনা এটিই প্রথম।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 May 2021, 06:33 PM

Updated : 07 Apr 2022, 11:09 PM

কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (কেডিসিএ) পরিচালক জেওং ইয়ুন-কেয়ং এক সংবাদ ব্রিফিংয়ে জানান, হাসপাতালে চাকরি করা ৩০ এর কোঠার এক ব্যক্তি গত ২৭ এপ্রিল অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা নিয়েছিলেন।

গত ৯ মে তার মাথাব্যাথা শুরু হয়। এর জন্য তিনি চিকিৎসাও নেন। কিন্তু ভাল না হওয়ায় ১২ মে তিনি হাসপাতালে ভর্তি হন। তার খিচুনিও হয়েছিল।

“হাসপাতালে ভর্তির পর তার অবস্থার উন্নতি হয়েছে এবং বড় কোন সমস্যা নেই, তবে এখনও তাকে দেখভাল করা প্রয়োজন,” বলেন জেয়ং। তিনি আরও বলেন, উপসর্গগুলো প্রাথমিকভাবে শনাক্ত করা এবং সঠিকভাবে চিকিৎসা করা গেলে তা নিরাময় করা সম্ভব।

দক্ষিণ কোরিয়ার এ পর্যন্ত প্রায় ৩২ লাখ ৭০ হাজার মানুষ এস্ট্রাজেনেকা টিকার কমপক্ষে একটি ডোজ পেয়েছে।

অ্যাস্টাজেনেকার টিকায় রক্ত জমাট বাঁধার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দেওয়ায় ইতালিসহ ইউরোপের কয়েকটি দেশ এই টিকার প্রয়োগ সাময়িক সময়ের জন্য স্থগিত করেছিল।

ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা টিকাটির উপকার ঝুঁকির চেয়ে অনেক বেশি বলার পর কোনও কোনও দেশ টিকাটিকে ফের অনুমোদন দেয়।

অ্যাস্ট্রাজেনেকা বলেছে, তারা রক্ত জমাট বাঁধার উপসর্গ মিলেছে এমন প্রত্যেকটি ঘটনা খতিয়ে দেখছে। বিরল হলেও কেন এমনটা ঘটছে তার ব্যাখ্যাও খুঁজে বের করার চেষ্টা করছে তারা।