২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় পরিত্যক্ত স্কুলে মিলল ২১৫ শিশুর গণকবর

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় আদিবাসী শিশুদের জন্য নির্ধারিত একটি পরিত্যাক্ত আবাসিক স্কুলে ২১৫ শিশুর গণকবর খুঁজে পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2021, 11:42 PM

Updated : 07 Apr 2022, 11:09 PM

এই শিশুরা কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির ‘কামলুপ্স ইন্ডিয়ান রেসিডেনশিয়াল স্কুল’ এর শিক্ষার্থী ছিল। স্কুলটি ১৯৭৮ সালে বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার টেক’এম্লাপস টে সেকউইপেমেক ফার্স্ট নেশন-এর প্রধান শিশুদের দেহাবশেষগুলো খুঁজে পাওয়ার কথা ঘোষণা করেন বলে বিবিসি জানিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, “এটি বেদনাদায়কভাবে আমাদের দেশের লজ্জাজনক এক অধ্যায়ের স্মৃতিকে স্মরণ করিয়ে দিয়েছে।”   

এই শিশুদের মৃত্যুর কারণ ও কখন তাদের মৃত্যু হয়েছিল তা এখনো অজানা, তা বের করা জন্য জাদুঘর বিশেষজ্ঞ ও ময়নাতদন্তকারী কর্মকর্তার দপ্তরের সঙ্গে কাজ করছে ফার্স্ট নেশন । 

বৃটিশ কলাম্বিয়ার কামলুপ্স শহরের কমিউনিটি প্রধান রোজ্যান ক্যাসিমির বলেন, এই অচিন্তনীয় ক্ষতির কোন দাপ্তরিক রেকর্ড রাখেননি স্কুলটির প্রশাসকরা।

আদিবাসী তরুণদের জোরপূর্বক সমাজের অঙ্গীভূত করার লক্ষ্যে আঠার ও উনিশ শতকে কানাডার সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষগুলো পরিচালিত আবাসিক স্কুলগুলো বাধ্যতামূলকভাবে বোর্ডিং  স্কুল হতো।

প্রায় ১৮৬৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এক লাখ ৫০ হাজারেরও বেশি আদিবাসী শিশুকে তাদের পরিবারগুলো থেকে নিয়ে এসে এসব বোর্ডিং স্কুলে রাখা হয়েছিল।   

এই শিশুদের প্রায়ই তাদের নিজেদের ভাষায় কথা বলতে ও তাদের সংস্কৃতি চর্চা করতে দেওয়া হতো না, তাদের অনেকের সঙ্গেই দুব্যবহার ও গালাগালি করা হতো। 

এই পদ্ধতির প্রভাবগুলি নথিবদ্ধ করতে ২০০৮ সালে একটি কমিশন গঠন করা হয়েছিল। তারা দেখতে পায়, বিরাট সংখ্যক আদিবাসী শিশু আর কখনোই তাদের নিজেদের সমাজে ফিরে যায়নি।  

আবাসিক এই স্কুলগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছিল কামলুপ্স ইন্ডিয়ান রেসিডেনশিয়ান স্কুল। রোমান ক্যাথলিকদের পরিচালিত এই স্কুলটি ১৮৯০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৫০ এর দশকে স্কুলটিতে ভর্তি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল আর তখন এখানে ৫০০ জনের মতো শিক্ষার্থী ছিল।

১৯৬৯ সালে কানাডার কেন্দ্রীয় সরকার স্কুলটির প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করে এবং স্থানীয় শিক্ষার্থীদের আবাস হিসেবে ১৯৭৮ সালে বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত পরিচালনা করে।