২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য ৭ দিনের লকডাউনে

অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল রাজ্য ভিক্টোরিয়া রাজধানী মেলবোর্নে করোনাভাইরাসের অতি সংক্রামক একটি ধরনের প্রাদুর্ভাব মোকাবেলায় সাত দিনের লকডাউন জারি করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2021, 02:05 PM

Updated : 07 Apr 2022, 11:09 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে সেখানে লকডাউন শুরু হতে যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এখন পর্যন্ত ২৬ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটির অতি সংক্রামক একটি ধরনের উপস্থিতি পেয়েছে কর্তৃপক্ষ; লোকজন ভাইরাসটির সংস্পর্শে আসতে পারে এমন দেড়শটি স্থানও চিহ্নিত করেছে তারা।

নতুন এ প্রাদুর্ভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ অনেককে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কথাও মনে করিয়ে দিচ্ছে, যা গত বছর রাজ্যটিকে কাঁপিয়ে দিয়েছিল।

ভিক্টোরিয়ার ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী জেমস মেরলিনো বলেছেন, নতুন প্রাদুর্ভাবের সঙ্গে অতি সংক্রামক বি.১.৬১৭ ধরনটি সম্পর্ক আছে, বিদেশফেরত একজনের দেহে এটি শনাক্ত হয়েছিল।

“(ভাইরাসের) এ ধরনটি আগের যে কোনো ধরনের চেয়ে অনেক দ্রুত ছড়াচ্ছে,” বলেছেন তিনি।

রাজ্যে এখন যাদের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে, তাদের সঙ্গে অনেকগুলো জায়গার সংযোগ মিলেছে। এসব স্থানের মধ্যে মেলবোর্নের ভিড়ঠাসা ফুটবল স্টেডিয়ামগুলোও আছে।

মেরলিনো বলেছেন, “শনাক্ত রোগীদের সংস্পর্শে আসা এবং পরে তাদেরও সংস্পর্শে আসা এমন ১০ হাজার ব্যক্তি, আক্রান্ত হয়ে থাকতে পারেন এমন দেড়শর বেশি স্থান ভিক্টোরিয়া রাজ্যজুড়ে আছে। আমাদের এখনি ব্যবস্থা নিতে হবে।

“আমরা যদি বেশি দেরি করি, তাহলে এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”

লকডাউনের কারণে ভিক্টোরিয়া রাজ্যের বাসিন্দারা আগামী সাত দিন জরুরি প্রয়োজনীয় কাজ,  নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা, শরীরচর্চা, কেয়ারগিভিং বা করোনাভাইরাস টিকা নেওয়ার জন্য ছাড়া বাড়ির বাইরে বের হতে পারবেন না বলে এক নির্দেশনায় জানানো হয়েছে।

সব ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে; যারা বাইরে বের হবেন, তাদের চলাফেরাও বাড়ির আশপাশে সর্বোচ্চ পাঁচ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

মাস্ক পরা বাধ্যতামূলক। জরুরি কর্মীদের সন্তানরা ছাড়া আর সবার স্কুল এবং উপাসনালয় ও অতি জরুরি নয়, এমন সব ভেন্যু বন্ধ থাকবে।

অস্ট্রেলিয়ার অন্যান্য রাজ্যও ভিক্টোরিয়ায় যাতায়াতে বিধিনিষেধ আরোপ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাউথ অস্ট্রেলিয়া এরই মধ্যে ভিক্টোরিয়া থেকে আগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

গত বছর সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সময় রাজ্যটি ২০ হাজারের বেশি কোভিড আক্রান্ত রোগী পেয়েছিল, মৃত্যু হয়েছিল ৮২০ জনের। এরপর টানা ১১২ দিনের লকডাউন ভিক্টোরিয়ায় দৈনিক শনাক্ত শূন্যে নামিয়ে আনে।

নতুন এ প্রাদুর্ভাব শনাক্ত হয় বিদেশফেরত একজনের মধ্যে, কিন্তু সাউথ অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টিনে থাকার সময় তার দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েনি।

মেলবোর্নে আসার ছয় দিন পর পরীক্ষায় ‘পজিটিভ’ফল আসার পর তার দেহে উপসর্গ মেলে।

অস্ট্রেলিয়ায় এখন বিদেশফেরত সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪দিন কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।