২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে কোভিড টিকা নিলে মিলবে গরু

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি জেলায় কোভিড টিকা নিতে মানুষকে উৎসাহিত করার অভিনব এক উদ্যোগ নেওয়া হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 May 2021, 10:48 PM

Updated : 07 Apr 2022, 11:07 PM

টিকা নেওয়া বাসিন্দাদের মধ্য থেকে প্রতি সপ্তাহে লটারির মাধ্যমে একজনকে বিজয়ী নির্বাচন করে তাকে থাই মুদ্রায় প্রায় দশ হাজার ভাট (৩১৯ ডলার) মূল্যের একটি গরু দেওয়া হবে।

২৪ সপ্তাহ ধরে এই কর্মসূচি চলবে। থাইল্যান্ডের চিয়াং মাই প্রদেশের মায়ে চায়েম জেলার গ্রামে এই পুরস্কারের কথা কিছুদিন আগেই ঘোষণা দিয়ে জানানো হয়েছে। আগামী মাস থেকে শুরু হচ্ছে এই উদ্যোগ।

এ বিষয়ে জেলা প্রধান বুনলু থামথারানুরাক রয়টার্স বার্তা সংস্থাকে বলেন, “কয়েক দিনের মধ্যেই টিকা নিবন্ধনকারীদের সংখ্যা শত শত থেকে হাজার হাজারে পৌঁছেছে। গ্রামবাসীরা গরু পছন্দ করে। গরু বিক্রি করে অর্থ পাওয়া যায়।”

বুনলু জানান, “অগ্রাধিকার গ্রুপের চার হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছে। এই গ্রুপে আছেন ৬০ বছরের বেশি বয়সীরা এবং কোভিডের ঝুঁকিতে থাকা মানুষেরা।”

আগামী ৭ জুন থেকে টিকা দেওয়া শুরু হবে। মানুষকে টিকা নিতে উৎসাহী করে তুলতে থাইল্যান্ডের অন্য প্রদেশগুলোও নতুন ধরনের উদ্যোগ নিচ্ছে। যেমন: সোনার হার, দোকানের ডিসকাউন্ট কুপন কিংবা নগদ অর্থের মতো পুরস্কার ঘোষণা করা হচ্ছে।

থাইল্যান্ডের ছয় কোটি ৬০ লাখ মানুষের মধ্যে অন্তত ১৬ লাখ ৪০ হাজার মানুষ প্রথম ডোজ টিকা নিয়ে নিয়েছে। আর এ পর্যন্ত নিবন্ধন করেছে আরও ৭০ লাখের বেশি মানুষ।

দেশটিতে সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ বেড়েছে। থাইল্যান্ডে মোট শনাক্ত রোগী ১১৯,৫৮৫ এবং মারা গেছেন ৭০৩ জন। এর মধ্যে বেশিরভাগই গত দুই মাসে আক্রান্ত হয়েছেন বা মারা গেছেন।