২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেডি গাগার কুকুর ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

পপ তারকা লেডি গাগার কর্মচারীকে গুলি করে দুটি কুকুর ছিনতাইয়ের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে লস এঞ্জেলেসের পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2021, 04:37 PM

Updated : 07 Apr 2022, 11:02 PM

চলতি বছরের ফেব্রুয়ারিতে কুকুরপালক রায়ান ফিশারকে গুলি করে ছিনতাইকারীর গুস্তাভ ও কোজি নামের দুটি ফরাসি বুলডগকে ছিনিয়ে নিয়েছিল। কুকুরদুটিকে ফিরে পেতে গাগা পরে ৫ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করেছিলেন।

ওই ছিনতাইয়ের ঘটনায় তিন সন্দেহভাজন ও তাদের আরও দুই সহযোগীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে বলে বৃহস্পতিবার পুলিশের এক ঘোষণার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

এদের মধ্যে ১৮ বছর বয়সী জেমস জ্যাকসন, ১৯ বছর বয়সী জেয়লিন হোয়াইট ও ২৭ বছর বয়সী লাফায়েট হোয়েলির বিরুদ্ধে আনা হয়েছে হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ।

জেয়লিনের বাবা ৪০ বছর বয়সী হ্যারল্ড হোয়াইট ও ৫০ বছর বয়সী জেনিফার ম্যাকব্রাইডকে সন্দেহভাজনদের সহযোগী বলা হচ্ছে।

ছিনতাইয়ের দুইদিন পরে ম্যাকব্রাইডই বুলডগ দুটিকে পুলিশের কাছে ফিরিয়ে দিয়েছিলেন।

“ম্যাকব্রাইডের সঙ্গে হ্যারল্ডের যোগসাজশের বিষয়টি গোয়েন্দারা উদ্‌ঘাটন করেছেন,” বলা হয়েছে লস এঞ্জেলেস পুলিশের বিবৃতিতে।

ফিশার যে লেডি গাগার কর্মচারী, গুলি করার সময় তা ছিনতাইকারীরা জানতো না বলে অনুমান পুলিশের। কুকুরগুলোর বাজারমূল্য হিসাবে নিয়েই তারা সেগুলো ছিনতাইয়ের পরিকল্পনা এঁটেছিল বলে তদন্তে ইঙ্গিত মিলেছে।

ছিনতাইকারীদের গুলিতে আহত ফিশারের ফুসফুসের একটি অংশ কেটে ফেলতে হয়েছে।

২৪ ফেব্রুয়ারি রাতে তিনি লেডি গাগার তিনটি কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। গুস্তাভ ও কোজিকে ছিনতাইকারীরা নিয়ে গেলেও মিস এশিয়া নামে গাগার অন্য কুকুরটি পালিয়ে গিয়েছিল। পরে পুলিশ ওই কুকুরটিকে উদ্ধার করে।

এ কুকুরগুলো আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ও ২০১৭ সালে সুপার বোল হাফটাইম শো’তে গাগার সঙ্গী ছিল।

লেডি গাগা নামে পরিচিত হলেও মার্কিন এ পপ তারকার আসল নাম স্টেফানি গেরমানোত্তা।

মিস এশিয়া নামের কুকুরটির এমনকি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে।

পুরনো খবর:

গুলি করে লেডি গাগার কুকুর ছিনতাই