২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহে চীনের ‘অক্লান্ত পরিশ্রম’

লাদাখ সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেও কোভিড পরিস্থিতি সামাল দিতে খাবি খাওয়া ভারতকে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে অক্লান্ত পরিশ্রম করছে চীন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2021, 05:45 PM

Updated : 07 Apr 2022, 11:02 PM

ভারতের ব্যবসায়ীদের ক্রয়াদেশ অনুযায়ী ২৫ হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠাতে চীনের চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারীরা অতিরিক্ত সময় কাজ করছেন বলে জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সান উইডং।

বুধবার এক টুইটে তিনি লিখেছেন, “সাম্প্রতিক দিনগুলোতে ভারত থেকে অন্তত ২৫ হাজার অক্সিজেন কনসেন্ট্রেটরের ক্রয়াদেশ এসেছে; এগুলো পৌঁছাতে চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারীরা ওভারটাইম করছে। কার্গো বিমানে চিকিৎসা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা নিয়ে কাজ চলছে। চীনের শুল্ক বিভাগ এ সংক্রান্ত প্রক্রিয়ার উদ্যোগ নেবে।”

হাসপাতাল শয্যা, প্রয়োজনীয় ওষুধ ও জীবনরক্ষাকারী অক্সিজেনের সংকটের কারণে ভারতে দিন দিন কোভিড পরিস্থিতির আরও অবনতি হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

চীনের রাষ্ট্রপরিচালিত সিচুয়ান এয়ারলাইন্স ভারতে ১৫ দিনের জন্য তাদের কার্গো ফ্লাইট পরিচালনা স্থগিত রেখেছে বলে চলতি সপ্তাহে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। সিচুয়ানের এ সিদ্ধান্ত ভারতীয় ব্যবসায়ীদের অতি-প্রয়োজনীয় অক্সিজেন কনসেন্ট্রেটর ও চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের চেষ্টায় বিঘ্ন ঘটাচ্ছে।

সানের টুইটের একদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মহামারীর বিরুদ্ধে ভারতের লড়াইয়ে বিপুল পরিমাণ সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছেন।

“শিগগিরই আমরা রেমডিসিভির ও অন্যান্য ওষুধসহ ব্যাপক সাহায্য সামগ্রী দেশটিতে পাঠাচ্ছি,” সোমবার ভারতের প্রধানমন্দ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে আলাপ করার পরদিন হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাইডেন।

ভারতে কোভিড-১৯ এর টিকা বানাতে প্রয়োজনীয় কাঁচামাল পাঠাতেও যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহেই রাজি হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

কয়েকদিন আগে সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে টিকা বানানোর কাঁচামাল রপ্তানিতে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিতে অনুরোধ করেছিলেন।

গত সপ্তাহে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে কোভিড-বিধ্বস্ত ভারতে সহায়তা পাঠাতে যুক্তরাষ্ট্রের দেরির কঠোর সমালোচনা করা হয়। পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভারতের ঘনিষ্ঠতায় ফাটল দেখা দিয়েছে বলেও মন্তব্য করেছে তারা।

লাদাখ সীমান্ত ঘিরে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষকে কেন্দ্র করে গত বছরের এপ্রিল থেকেই ভারত-চীন উত্তেজনা বাড়তে শুরু করে।

এর মধ্যে মহামারীর বিপজ্জনক দ্বিতীয় ঢেউ মোকাবেলায় খাবি খেতে থাকা ভারতে এখন প্রতিদিনই তিন লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে, মৃত্যুর সংখ্যাও এখন দৈনিক তিন হাজারের উপরে।

দেশটির স্বাস্থ্য অবকাঠামোও সংক্রমণের এই ঊর্ধ্বগতি মোকাবেলায় খাপ খাইয়ে নিতে পারছে না। চিকিৎসা সেবা ও অক্সিজেনের অভাবে হাসপাতালের সামনে বিপুল সংখ্যক কোভিড রোগীর মৃত্যু বিশ্বকেও স্তব্ধ করে দিয়েছে।

এরই মধ্যে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইসরায়েলসহ বেশ কয়েকটি দেশ চিকিৎসা সামগ্রী পাঠিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে। তাদের সঙ্গে এবার এগিয়ে এসেছে প্রতিবেশী চীনও।