বুরকিনা ফাসোতে অপহরণের পর ২ স্পেনীয় ও ১ আইরিশকে হত্যা
বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলের একটি সংরক্ষিত বনাঞ্চলের কাছ থেকে অপহরণ করা স্পেনের দুই সাংবাদিক ও আয়ারল্যান্ডের এক বন্যপ্রাণী সংরক্ষণবিদকে হত্যা করা হয়েছে।
এই ইউরোপীয়রা একটি চোরা-শিকারবিরোধী টহল দলের সঙ্গে ছিলেন, সোমবার পামা সংরক্ষিত বনের কাছে বন্দুকধারীরা তাদের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়েছিল বলে বিবিসি জানিয়েছে।
মঙ্গলবার বুরকিনা ফাসোর সরকার আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর কথা নিশ্চিত করে। একই ঘটনায় দেশটির একজন সৈন্যকেও অপহরণ করা হয়েছে কিন্তু তার পরিণতি কী হয়েছে তা জানা যায়নি।
কারা হামলাটি চালিয়েছে তাও পরিষ্কার হয়নি।
পশ্চিম আফ্রিকার এ দেশটি তার অনেক প্রতিবেশীর মতোই গভীর নিরাপত্তা সংকটের মোকাবেলা করছে। এই অঞ্চলের অধিকাংশ এলাকাজুড়ে হামলা ও অপহরণের মতো ঘটনা ঘটাচ্ছে জঙ্গি গোষ্ঠীগুলো।
যে টহল দলটির ওপর হামলা হয়েছে তাতে সৈন্য, বনরক্ষী ও বিদেশি সাংবাদিকরা ছিলেন।
ওই চোরাগোপ্তা হামলায় আহত দুই সৈন্য জানিয়েছেন, জঙ্গিরা হামলাটি চালিয়েছে এবং তাদের সংখ্যা টহল দলের সদস্যদের চেয়ে অনেক বেশি ছিল।
এই আহত সৈন্যদের একজনের হাতে ও অপর জনের পায়ে গুলি লেগেছে। জানা গেছে, এদের মধ্যে একজনের হাত কেটে ফেলতে হয়েছে।
সৈন্যরা জানিয়েছেন, তারা বিদেশিদের ঘিরে একটি সুরক্ষা বলয় তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু গোলাগুলির থামার পর তারা সেখানে নেই বলে বুঝতে পারেন।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, ওই এলাকা থেকে যে লাশগুলো পাওয়া গেছে তা দুই স্পেনীয় সাংবাদিকের বলে ধারণা করা হচ্ছে। তারা একটি প্রামাণ্যচিত্র তৈরির কাজ করছিলেন।
পরে এক টুইটে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ বলেছেন, “সবচেয়ে খারাপ খবরটাই নিশ্চিত হয়েছে।”
নিহত দুই সাংবাদিকের মধ্যে একজনের নাম ডাভিড বেরিয়াইন ও অপর জনের রবার্তো ফ্রাইলে। নিহত আইরিশ নাগরিকের নাম ররি ইয়াং; তিনি চোরাশিকার বিরোধী গোষ্ঠী চেঙ্গেটা ওয়াইল্ডলাইফের সহপ্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন।
