২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটর পাঠাচ্ছে যুক্তরাজ্য

কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দেশটিতে ছয়শ’র বেশি চিকিৎসাযন্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য। যেগুলোর মধ্যে ভেন্টিলেটর এবং অক্সিজেন কনসেনট্রেটরও আছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2021, 11:44 PM

Updated : 02 Aug 2022, 05:42 PM

শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘‘কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধের খুবই উদ্বেগজনক এই সময়ে আমরা একজন বন্ধু এবং অশীংদারের মত ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি।

“কঠিন এই সময়ে আমরা ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাব এবং আমি দৃঢ়ভাবে আপনাদের জানাচ্ছি, এই মহামারীর বিরুদ্ধে বিশ্বজুড়ে যে যুদ্ধ চলছে তাতে যুক্তরাজ্য নিজের সাধ্যমত সবভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য করে যাবে।”

বিবিসি জানায়, চিকিসাৎযন্ত্রের প্রথম চালানটি রোববার যুক্তরাজ্য থেকে রওনা হবে এবং মঙ্গলবার সকাল নাগাদ সেগুলোর ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছানোর কথা।

যুক্তরাজ্য এ সপ্তাহে ভারতে মোট নয়টি এয়ারলাইন কন্টেইনার পাঠাবে। যেগুলোতে ৪৯৫ টি অক্সিজেন কনসেনট্রেটর, ১২০টি নন-ইনভাসিভ ভেন্টিলেটর এবং ২০টি ম্যানুয়াল ভেন্টিলেটর থাকবে।

 

ভারতের হাসপাতালগুলোতে এখন অক্সিজেনের তীব্র অভাব দেখা দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতে এখন অক্সিজেন কনসেনট্রেটরের চাহিদা অনেক বেড়েছ। কারণ, কোভিড-১৯ আক্রান্ত অনেক রোগীকে বাঁচিয়ে রাখতে বাড়তি অক্সিজেন দিতে হচ্ছে।

ভারতে টানা চতুর্থদিনের মত করোনাভাইরাস সংক্রমণের বিশ্ব রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টা সেখানে সাড়ে তিন লাখের বেশি রোগী শনাক্ত হয়। মারা গেছে ২ হাজার ৭৬৭ জন।

অক্সিজেন সরবরাহে সংকট দেখা দেওয়ায় দিল্লির অনেক হাসপাতাল নতুন রোগী ভর্তি বন্ধ করে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকেও ভারতে অক্সিজেন এবং ওষুধ পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।