২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: ‘সমালোচনামূলক’ টুইট সরাতে বলল ভারত

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় ভারত সরকারের পদক্ষেপের সমালোচনা করা টুইট বার্তা সরিয়ে নিতে আইনি নির্দেশ পাঠিয়েছে নয়া দিল্লি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2021, 11:30 AM

Updated : 02 Aug 2022, 05:42 PM

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের এক মুখপাত্র রয়টার্সকে জানান, ভারতের সরকারের আইনি অনুরোধের ভিত্তিতে বেশ কিছু টুইট বার্তা আটকে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প ‘লুমেন ডেটাবেজ’-এ প্রকাশিত তথ্যে টুইটার জানায়, সরকারের সমালোচনামূলক কিছু টুইট বার্তা সরিয়ে নিতে নয়া দিল্লি একটি তাৎক্ষণিক নির্দেশ জারি করে।

লুমেন-এ প্রকাশিত তথ্যে জানা যায় ভারতের সরকারের আইনি অনুরোধ করা হয়েছে ২৩ এপ্রিল এবং এতে ২১টি টুইট বার্তা উল্লেখ করা হয়েছে। এসব টুইট বার্তার মধ্যে রেভনাথ রেড্ডি নামের একজন আইন প্রণেতা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী মলয় ঘটক এবং অবিনাশ দাস নামের এক চলচ্চিত্র নির্মাতার টুইটও রয়েছে।

সরকারি অনুরোধপত্রে ভারতের ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইনের কথা উল্লেখ করা হয়।

ইমেইল বিবৃতিতে টুইটার-এর মুখপাত্র বলেন, “আমরা যখন একটি বৈধ আইনি অনুরোধ পাই, আমরা সেটি টুইটার-এর নীতিমালা ও স্থানীয় আইনের নিরিখে পর্যালোচনা করি।”

“আধেয়টি যদি টুইটার-এর নীতিমালা ভঙ্গ করে, তাৎক্ষণিকভাবে তা সরিয়ে ফেলা হয়। যদি সেটা টুইটার-এর নীতিমালা ভঙ্গ না করে, কিন্তু একটি নির্দিষ্ট আইনি এলাকার আইনে বেআইনি বিবেচিত হয়, সেক্ষেত্রে আমরা শুধু ওই এলাকা, অর্থাৎ ভারত থেকে ওই টুইট বার্তায় প্রবেশ বন্ধ করে দেই।”

মুখপাত্রটি জানিয়েছেন, টুইট বার্তা আটকে দেওয়ার বিষয়টি অ্যাকাউন্টধারী ব্যক্তিদের তারা সরাসরি জানিয়েছেন এবং এটাও জানিয়েছেন টুইট বার্তাটি বন্ধ করে রাখার বিষয়ে তাদের প্রতিষ্ঠানকে আইনি নির্দেশ দেওয়া হয়েছে।

প্রযুক্তি সংবাদ ভিত্তিক ওয়েবসাইট টেকক্রানচ এরআগেই ভারত সরকারের এই পদক্ষেপ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তারা জানায়, এই নির্দেশ শুধু টুইটার একাই পায়নি।

ভারতের স্বাস্থ্য দপ্তর শনিবার জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে তিন লাখ মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে সেখানে। তাতে আক্রান্তের মোট সংখ্যা পৌঁছেছে ১ কোটি ৬৬ লাখে।  

এক দিনে রেকর্ড ২ হাজার ৬২৪ জনের মৃত্যুতে ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ছাড়িয়ে গেছে।

দিল্লির নিরুপায় হাসপাতালগুলো জরুরি ভিত্তিতে অক্সিজেন আর চিকিৎসা উপকরণের বাড়তি বরাদ্দের আদেশ চেয়ে এ সপ্তাহেই হাই কোর্টে গিয়েছিল।

সেই আবেদন শুনে দিল্লি হাই কোর্ট কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে- এই ‘সুনামি’ সামাল দিতে তারা কীভাবে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, গত শীতে পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো থাকায় বিধিনিষেধ যেভাবে তুলে দেওয়া হয়েছে, সেটাই ভারতের জন্য কাল হয়েছে।

আবার কেউ কেউ বলছেন, ভাইরাসের অতি সংক্রামক নতুন ধরনগুলোই ভারতকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।