বেইজিংয়ে এক দশকের মধ্যে ভয়াবহতম ধূলিঝড়
এক দশকের মধ্যে সবথেকে ভয়াবহ ধূলিঝড়ে অন্ধকার হয়ে পড়েছে চীনের রাজধানী বেইজিং।
বিবিসি জানায়, সোমবার ওই ধূলিঝড়ের কারণে বেইজিং ও তার আশপাশের আকাশ কমলা রঙের ধোঁয়াশায় ছেয়ে যায়।
এদিন ধূলিঝড়ের কারণে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ো বাতাসের সঙ্গে ইনার মঙ্গোলিয়া থেকে উড়ে আসা বালির কারণেই বেজিংয়ের আকাশের এ অবস্থা হয়েছে।
বিবিসি জানায়, গত কয়েক দিনে মঙ্গোলিয়ায় বেশ কয়েকটি ধূলিঝড় আঘাত হানার খবর পাওয়া গেছে। ঝড়ে ছয় জন নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
বেইজিংয়ের বাসিন্দা ফ্লোরা ঝউ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘দেখে মনে হয়েছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই ধরনের আবহাওয়ায় আমি সত্যিই বাইরে বের হতে চাই না।”
