যুক্তরাজ্যের ফ্লাইটে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত
করোনাভাইরাসের অতি-সংক্রামক নতুন ধরন নিয়ে উদ্বেগের মধ্যে যুক্তরাজ্য থেকে ফ্লাইট স্থগিতের মেয়াদ ৭ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে ভারত।
সময় বাড়ানোর এই ঘোষণা দিয়ে ভারতের বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী এক টুইটে বলেন “এরপর আবার কঠোভাবে নিয়ন্ত্রিত ফ্লাইট শুরু করা হবে। এ ব্যাপারে বিস্তারিত ঘোষণা শিগগিরই দেওয়া হবে।”
ভারত এর আগে ২৩ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের ফ্লাইট নিষিদ্ধ করেছিল।
যুক্তরাজ্য সেদেশে করোনাভাইরাসের ৭০ শতাংশ বেশি সংক্রামক নতুন রূপ শনাক্ত হওয়ার কথা জানানোর পরই উদ্বেগের কারণে বিশ্বের বহু দেশের পাশাপাশি ভারতও সাময়িকভাবে ফ্লাইট নিষিদ্ধের ওই পদক্ষেপ নেয়।
কিন্তু এরই মধ্যে যুক্তরাজ্য থেকে ভারতে যাওয়া অন্তত ২০ জনের দেহে করোনাভাইরাসের নতুন এই ধরণ শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।
মহামারীতে বিশ্বজুড়ে ১৭ লাখেরও বেশি আর ব্রিটেনে ৬৭ হাজারেরও বেশি লোকের মৃত্যুর মধ্যেই করোনাভাইরাসের নতুন ধরন আবিষ্কার আতঙ্ক ছড়াচ্ছে। বিশ্বে যুক্তরাষ্ট্রের পর সর্বাধিক করোনাভাইরাস রোগী ভারতে শনাক্ত হয়েছে।
