বড়দিনে পরিবারেও মাস্ক পরার পরামর্শ ডব্লিউএইচও’র
কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে কেবল বাড়ির বাইরে পথে-ঘাটেই নয়, এবার বড়দিনের উৎসবে পারিবারিক জমায়েতেও ইউরোপীয়দের মাস্ক পরার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় ২০২১ সালের প্রথমভাগে ইউরোপে নতুন করে করোনাভাইরাসের ঢেউ দেখা দেওয়ার ‘উচ্চ ঝুঁকি’ বিরাজ করছে।
ইউরোপজুড়ে দেশগুলোতে প্রতিদিন হাজার হাজার মানুষের করোনাভাইরাস শনাক্ত হচ্ছে। মারা যাচ্ছে শত শত মানুষ। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে জার্মানি বুধবার নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।
বিবিসি জানায়, এ পরিস্থিতিতে ডব্লিউএইচও’র ইউরোপীয় অঞ্চলিক কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এই শীতের সময় বড়দিনের ছুটিতে ইউরোপজুড়ে বিভিন্ন পরিবারে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সমাগম বেড়ে গিয়ে কোভিড-১৯ ছড়িয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।
আর তাই সেই ঢেউ রুখতে প্রতিটি ব্যক্তি, পরিবার এবং সম্প্রদায়কেই নিজ নিজ অবস্থান থেকে সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও।
বিবৃতিতে সংস্থাটি বলেছে, পারিবারিক জমায়েত সম্ভব হলে বাড়ির বাইরে করা এবং মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত।
তাছাড়া, বাড়ি বা ঘরের ভেতরে পারিবারিক জমায়েতের ক্ষেত্রেও মাস্ক পরা, দূরত্ববিধি মেনে চলা উচিত এবং সেইসঙ্গে অতিথির সংখ্যাটাও যেন সীমিত থাকে।
বিবৃতিতে আরও বলা হয়, “পরিবারের লোকজন এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরে থাকাটা অস্বস্তিকর মনে হলেও এই বিধিগুলো মেনে চললে প্রত্যেকেরই স্বাস্থ্য সুরক্ষার দিকটি অনেকটাই নিশ্চিত করা সম্ভব হবে।”
বিবৃতিতে লোকজনকে ভিড় থাকা গণপরিবহনে চড়তেও মানা করা হয়েছে।
ডব্লিউএইচও’র ইউরোপীয় অঞ্চলে আছে ৫৩ টি দেশ। এর মধ্যে পড়ে রাশিয়া এবং মধ্য এশিয়ার কয়েকটি দেশও। এই অঞ্চলে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ কোটি ২০ লাখের বেশি মানুষের। আর মারা গেছে প্রায় ৫০০,০০০ মানুষ।
