কোভিড: উত্তর আয়ারল্যান্ডে হাসপাতালে রোগী বাড়ায় অ্যাম্বুলেন্সেই চিকিৎসা
কোভিড-১৯ মহামারীতে রোগী বাড়তে থাকায় সব শয্যাই পূর্ণ হয়ে গেছে। তারপরও কমছে না রোগীর ভিড়। অগত্যা গাড়ি পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীদের চিকিৎসার ব্যবস্থা করতে হয়েছে উত্তর আয়ারল্যান্ডের একটি হাসপাতালে।
যুক্তরাজ্যে কোভিড-১৯ এ উত্তর আয়ারল্যান্ডের স্বাস্থ্যসেবায় চাপ বেড়ে পরিস্থিতি এমন বেহাল হয়ে পড়ার কথা মঙ্গলবার জানিয়েছেন হাসপাতালটির এক চিকিৎসা কর্মকর্তা।
উত্তর আয়ারল্যান্ডে মধ্য অক্টোবর থেকে লকডাউন জারি ছিল। তবে গত সপ্তাহে সেখানে বেশকিছু বিধিনিষেধ শিথিল হওয়ার পরই বেড়ে গেছে করোনাভাইরাস সংক্রমণ।
গোটা অঞ্চলজুড়েই হাসপাতালগুলোতে রোগী ধারণক্ষমতা কমেছে। হাসপাতালগুলোর জরুরি বিভাগের বাইরে চোখে পড়ছে অ্যাম্বুলেন্সের সারি।
কোভিড রোগী বেড়ে পরিস্থিতি সবচেয়ে খারাপ হয়েছে ‘মিড এন্ড ইস্ট অ্যান্ট্রিম’ এলাকায়।
সেখানকার অ্যান্ট্রিম এরিয়া হাসপাতালের কাছে সবচেয়ে বেশি রোগী ভিড় করেছে। আরটিই সম্প্রচার মাধ্যমের ফুটেজে দেখা গেছে, সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। ভেতরে রোগীদেরকে উষ্ণ তাপমাত্রায় রাখতে অ্যাম্বুলেন্সের ইঞ্জিনও চালু রাখা হয়েছে।
হাসপাতালটি পরিচালনাকারী ‘নর্দান হেলথ এন্ড স্যোশাল কেয়ার ট্রাস্ট’ এর চিকিৎসা বিষয়ক পরিচালক ওয়েন্ডি ম্যাগোন বিবিসি বেতার উলস্টারে বলেছেন, “আমরা কার পার্কেই চিকিৎসাসেবা দিচ্ছি।”
অ্যান্ট্রিম এরিয়া হাসপাতালের বাইরে অপেক্ষায় আছে অন্তত ১৭ টি অ্যাম্বুলেন্স। হাসপাতালে কোনও জায়গা না থাকায় সেগুলো বাইরের কার পার্কিং এলাকাতেই অপেক্ষায় আছে।
গুরুতর, কম গুরুতর নানা রকম রোগী আছে অ্যাম্বুলেন্সগুলোতে। তাই সেখানেই তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওয়েন্ডি।
অ্যান্ট্রিম এরিয়া হাসপাতাল এবং কজওয়ে নামের আরেকটি হাসপাতাল দুইই মঙ্গলবার সকালের দিকে স্থানীয়দেরকে হাসপাতালের জরুরি বিভাগে ভিড় জমাতে মানা করে দিয়ে বলেছিল, ফোনে চিকিৎসকের পরামর্শ নিতে।
কিন্তু তাতেও জরুরি বিভাগের সামনে ভিড় কমানো যায়নি। গোটা অঞ্চলের হাসপাতালগুলোর জরুরি বিভাগের সামনেই কমবেশি অ্যাম্বুলেন্সের ভিড় আছে বলে বিবিসি’কে জানিয়েছেন উত্তর আয়ারল্যান্ডের অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক।
আসছে জানুয়ারিতে কোভিড-১৯ সংক্রমণ বেড়ে হাসপাতালগুলোতে রোগী আরও উপচে পড়ার অবস্থা হতে পারে বলে এরই মধ্যে সতর্ক করেছেন উত্তর আয়ারল্যান্ডের তিনটি স্বাস্থ্যসেবা ট্রাস্টের প্রধান।
