ফাইজারের কোভিড-১৯ টিকা অনুমোদন করল সিঙ্গাপুর
বেশ কয়েকটি দেশের পর এবার ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা অনুমোদন করেছে সিঙ্গাপুর। ডিসেম্বরের শেষেই টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।
তিনি জানান, এই টিকার প্রথম চালান সিঙ্গাপুরে পৌঁছাতে পারে এমাসের শেষের দিকে। আর ২০২১ সালের তৃতীয় প্রান্তিকের মধ্যেই সিঙ্গাপুরে প্রত্যেকের জন্য পর্যাপ্ত টিকা পেয়ে যাওয়ার আশা আছে।
বিবিসি জানায়, সিঙ্গাপুরের সব নাগরিক এবং সেখানে দীর্ঘ সময় বসবাসকারীদেরকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে বলেও লি জানিয়েছেন।
লি আরও জানান, প্রথমদিকে যারা এই টিকা নেবেন তাদের মধ্যে থাকবেন তিনি নিজে এবং অন্যান্য সরকারি কর্মকর্তারাও।
সিঙ্গাপুরে স্বাস্থ্যসেবাকর্মী, সামনের সারিতে থেকে কাজ করে যাওয়া কর্মী, বয়স্ক এবং কোভিড-১৯ এর ঝুঁকিতে থাকা মানুষদেরকে সবার আগে টিকা দেওয়া হবে। তারপর টিকা নেবেন প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা।
জাতীয় একটি সম্প্রচারমাধ্যমে লি বলেন, “আমিসহ আমার সহকর্মীরা এবং বয়োঃবৃদ্ধরা প্রথমদিকেই টিকা নিচ্ছি। টিকাটির নিরাপত্তা নিয়ে বিশ্বাস জাগাতেই বিশেষত আমাদের মতো বয়স্কদের এই আগেভাগে টিকা নেওয়া।”
সিঙ্গাপুরের আগে মার্কিন কোম্পানি ফাইজার এবং জার্মান কোম্পানি বায়োএনটেকের য়ৌথ উদ্যোগে তৈরি এই কোভিড টিকা অনুমোদন করেছে যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, কুয়েত এবং মেক্সিকো।
