২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকের ফাঁসি নিয়ে সমালোচনা: জার্মান রাষ্ট্রদূতকে তলব ইরানের

ভিন্নমতাবলম্বী এক ইরানি সাংবাদিককে ফাঁসি দেওয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমালোচনার জেরে তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানিয়েছে ইরান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Dec 2020, 08:57 PM

Updated : 08 Apr 2022, 01:46 AM

ইরানের গণমাধ্যম রোববার এ খবর দিয়েছে। জার্মানি বর্তমানে ইইউ- এর প্রেসিডেন্ট পদে রয়েছে।

জার্মান রাষ্ট্রদূতকে ডেকে ইইউ’র সমালোচনামূলক বিবৃতির ‘নিন্দা’ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ইউরোপীয় পরিচালক। বলেছেন, “ইইউ’র বক্তব্য ইরানের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ; এটি মেনে নেওয়া যায় না।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় রোববার তেহরানে ‍নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকেও ডেকে পাঠানোর পরিকল্পনা করেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ।

ফ্রান্সও ইরানি সাংবাদিক রুহুল্লাহ জামের ফাঁসি কার্যকর করা নিয়ে তীব্র সমালোচনা করেছিল। শনিবার স্থানীয় সময় ভোরের দিকে রুহুল্লাহর ফাঁসি কার্যকর করা হয়।

তিন বছর আগে সরকারবিরোধী আন্দোলনের সময় সহিংসতায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন এই সাংবাদিক।

তিনি দেশ ছেড়ে পালিয়ে ফ্রান্সে আশ্রয় নিলেও গত বছর ইরানি গুপ্তচরদের হাতে ধরা পড়েন।গত সপ্তাহে ইরানের সুপ্রিম কোর্ট নিম্ন আদালতে তাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।

শনিবার রুহুল্লাহর ফাঁসি কার্যকরের পর এর সমালোচনায় ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে বলেছিল, “ইইউ এর কড়া নিন্দা জানাচ্ছে এবং আবারও স্মরণ করিয়ে দিচ্ছে যে, ইইউ কোনওরকম পরিস্থিতিতেই মৃত্যুদণ্ড দেওয়ার ঘোর বিরোধী।”

ওদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয়ও এক বিবৃতিতে সাংবাদিক রুহুল্লাহর ফাঁসি ‘বর্বরোচিত’ এবং তা ‘মেনে নেওয়া যায় না’ বলে সমালোচনা করেছিল। 

তাছাড়া,ফাঁসির এই পদক্ষেপ ইরানে মত ও সংবাদ প্রকাশের স্বাধীনতার উপর মারাত্মক আঘাত বলেও বর্ণনা করেছিল তারা।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং প্রেস এডভোকেসি গ্রুপ ‘রিপোর্টারস উইথআউট বর্ডারস’ও (আরএসএফ) এই ফাঁসির নিন্দা জানিয়েছে।

পুরনো খবর:

ইরানে ভিন্নমতাবলম্বী সাংবাদিকের ফাঁসি