এবার ফাইজারের টিকা অনুমোদন করল কানাডা
যুক্তরাজ্যে টিকাদান শুরুর একদিন পর ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা অনুমোদন করেছে কানাডা।
কানাডার স্বাস্থ্যখাত পরিচালনা সংস্থা ‘হেলথ কানাডা’ বুধবার এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।
কানাডায় করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এ পদক্ষেপকে এক ‘মাইলফলক’ হিসাবে উল্লেখ করেছে তারা।
টিকাটি নিরাপত্তা, কার্যকারিতা এবং ভাল মানের চাহিদা পূরণ করায় তা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে হেলথ কানাডা।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, চলতি মাসে দুই লাখ ৪৯ হাজার ডোজ টিকা নেওয়া হবে। ৩০ হাজার ডোজ টিকা পৌঁছতে শুরু করবে আগামী সপ্তাহেই। পরে আসবে আরও ডোজ।
বিবিসি জানায়, কানাডা সরকার ইতোমধ্যেই এই টিকার দুই কোটি ডোজের ক্রয়াদেশ দিয়ে রেখেছে। প্রয়োজনে তারা আরও ৫ কোটি ৬০ লাখ ডোজ টিকা কিনবে।
বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য গত ২ ডিসেম্বর মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার এবং জার্মান কোম্পানি বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের টিকা ব্যবহারের অনুমোদন দেয়।
যুক্তরাজ্যের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে গত ৪ ডিসেম্বর এই টিকার জরুরি অনুমোদন দিয়েছে বাহরাইন। এবার কানাডা তৃতীয় দেশ হিসাবে টিকাটি অনুমোদন করল।
ফাইজার-বায়োএনটেক তাদের উদ্ভাবিত কোভিড টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে।
যুক্তরাষ্ট্রে টিকাটি অনুমোদন দেওয়ার জন্য আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবারই দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) উপদেষ্টাদের বৈঠকে বসার কথা রয়েছে।
