অ্যালার্জি থাকলে ফাইজারের টিকা নয়, সতর্ক করল যুক্তরাজ্য
কোনও খাবার বা ওষুধে কারও অ্যালার্জির ধাত থাকলে তার ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা নেওয়া উচিত হবে না বলে সতর্ক করেছে যুক্তরাজ্যের ওষুধ ও টিকা নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ।
মঙ্গলবার এই টিকা নিয়ে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) দুই কর্মীর অ্যালার্জির সমস্যা দেখা দেওয়ার পর এ সতর্কবার্তা এল। ওই দুই কর্মীরই মারাত্মক অ্যালার্জির ধাত আছে বলে জানিয়েছে বিবিসি।
বিশ্বে প্রথম দেশ হিসেবে গত মঙ্গলবার থেকেই দেশের মানুষকে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু করেছে যুক্তরাজ্য। প্রথম দফায় এই টিকা পাচ্ছেন সামনের সারিতে থেকে কাজ করে যাওয়া স্বাস্থ্যকর্মীরা এবং বয়স্করা।
দেশটির ‘মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি’ (এমএইচআরএ) জানিয়েছে, টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে দুইজনের অ্যানাফিল্যাক্সিস (আকস্মিক ও গুরুতর এলার্জি প্রতিক্রিয়া) এবং একজনের অ্যালার্জির মতো সমস্যা দেখা দেওয়ার খবর পাওয়া গেছে।
এরপরই এমএইচআরএ–এর প্রধান নির্বাহী জুন রাইনে এক বিবৃতিতে বলেছেন, কারও কোনও টিকা, ওষুধ কিংবা খাবারে অ্যানাফিল্যাক্সিস এর ইতিহাস থেকে থাকলে তার এই কোভিড টিকা নেওয়া উচিত নয়। তিনি বলেন, এ ধরনের প্রতিক্রিয়া সচরাচর দেখা যায় না। তবে ফ্লুয়ের টিকাসহ অন্যান্য টিকার ক্ষেত্রে এমন হতে পারে।
মঙ্গলবার প্রথম দিনে যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে কয়েক হাজার মানুষ কোভিড-১৯ এর এই টিকা নিয়েছে।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ইমিউনোলজি বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপক পিটার ওপেনশ’ বলেন, কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া এখনও কোনও কার্যকরী ওষুধ নেই। ফলে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি এবং সুবিধার দিকটিতে ভারসাম্য বজায় রাখতে হবে।
বুধবার যুক্তরাষ্ট্রের এক শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, কারও অ্যালার্জির সমস্যা থাকলে তাকে ফাইজারের টিকা দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত না এ টিকার ফলে যা ঘটেছে সে বিষয়টি আরও বিশদভাবে বোঝা যায়।
