কোভিড যোদ্ধাদের ধন্যবাদ জানাতে যুক্তরাজ্যজুড়ে ট্রেন ভ্রমণে উইলিয়াম-কেট
কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করা চিকিৎসাকর্মী, নার্সিং হোম কর্মী ও শিক্ষকসহ অন্যান্যদের ধন্যবাদ দিতে ট্রেনে করে যুক্তরাজ্য ভ্রমণে বেরিয়েছেন প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন।
সোমবার শুরুতেই এ দম্পতি এডিনবরায় পৌঁছান। তিন দিনের এই সফরে তারা ‘রয়্যাল ট্রেনে’ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলেসে মোট এক হাজার ২৫০ মাইল ভ্রমণ করবেন।
রোববার সন্ধ্যায় লন্ডন থেকে তারা এই যাত্রা শুরু করেন। লন্ডনের ট্রেন স্টেশন থেকে যাত্রা শুরুর সময় তাদেরকে ১৯৮০’র দশকের একটি জনপ্রিয় গান গেয়ে স্বাগত জানান ওয়েলসের এক পপ তারকা। এরপর উইলিয়াম ও কেট সেখান থেকে স্কটল্যান্ডে রওনা হন।
রওনা দেওয়ার আগে তারা ট্রেনের ইনফরমেশন বোর্ডে দেশের সব পরিবহন কর্মীদের ধন্যবাদ দিয়ে লেখেন, ‘‘কঠিন এই বছরটিতে দেশকে চলমান রাখার জন্য সব জায়গার সব পরিবহন কর্মীদের ধন্যবাদ।”
কোভিড-১৯ মহামারীতে ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাজ্য। সেখানে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
কেনসিংটন প্রাসাদ এক বিবৃতিতে বলেছে, কঠিন এই বছরে দেশজুড়ে যারা সামনের সারিতে থেকে অসাধারণ কাজ করেছে তাদেরকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসতে অধীর হয়ে আছেন ডিউক উইলিয়াম এবং ডাচেস কেট মিডলটন।
উইলিয়াম এবং কেট যে রয়্যাল ট্রেনে দীর্ঘপথ পাড়ি দিচ্ছেন, তা ১৮৪২ সালে প্রথম ব্যবহার করেছিলেন রানি ভিক্টোরিয়া।
