২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নামিবিয়ায় ভোটে জয়ী ‘হিটলার’

ফিরে এসেছেন অ্যাডলফ হিটলার! জিতেছেন ভোটেও! অবাক করার মতো এমন ঘটনাই ঘটেছে আফ্রিকার দেশ নামিবিয়ায়। সেখানে স্থানীয় এক নির্বাচনে জয়ী হয়েছেন অ্যাডলফ হিটলার ইউনোনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2020, 08:51 PM

Updated : 08 Apr 2022, 01:44 AM

ইতিহাসের পাতায় নাৎসি জার্মানির সেই একনায়ক হিটলারের নামের সঙ্গে নামিবিয়ার এই হিটলারের মিল বিশ্বের নজর কেড়েছে।

তবে হিটলারের মতো বিশ্ব জয়ের কোনও পরিকল্পনা নেই অ্য়াডলফ হিটলার ইউনোনার। নামিবিয়ার ক্ষমতাসীন সোয়াপো পার্টি থেকে গত সপ্তাহে ৮৫ শতাংশ ভোটে স্থানীয় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি।

জার্মানির ব্ল্ডি পত্রিকায় এক সাক্ষাৎকরে ইউনোনা বলেছেন, তিনি নাৎসি ভাবাদর্শে বিশ্বাস করেন না।হিটলারের সঙ্গে নিজের নামের মিল সম্পর্কে তিনি বলেন, তার বাবা নাৎসি নেতার নামে ছেলের নাম রেখেছিলেন। তবে বাবা হয়ত এ নামের মর্ম বোঝেননি।

ইউনোনার কথায়, “ছোটবেলায় এ নাম খুব স্বাভাবিক মনে হয়েছে। বড় হয়ে বুঝেছি ওই লোক (হিটলার) বিশ্বকে নিজের করায়ত্ত্ব করতে চেয়েছিলেন। তার মতাদর্শের সঙ্গে আমার কোনও যোগ নেই।”

তবে নাম বদলের কোনও পরিকল্পনা নেই বলেও জানান ইউনোনা।

বিবিসি জানায়, একসময়কার জার্মান উপনিবেশ নামিবিয়ায় অ্যাডলফের মতো জার্মানদের নামে কারও নাম রাখাটা স্বাভাবিক ব্যাপার।

১৮৮৪ সাল থেকে ১৯১৫ সালের মধ্যে জার্মান সাউথ ওয়েস্ট আফ্রিকা নামে পরিচিত জার্মান ভূখন্ডের অংশ ছিল নামিবিয়া।

প্রথম বিশ্বযুদ্ধের পর নামিবিয়া দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে চলে যায় এবং ১৯৯০ সালে স্বাধীনতা লাভ করে।