২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের সঙ্গে চুক্তি: সাইবার হামলার নিশানা আমিরাত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) চুক্তি সইয়ের মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর সাইবার হামলার নিশানায় পরিণত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Dec 2020, 11:47 PM

Updated : 08 Apr 2022, 01:44 AM

ইউএই’র প্রধান সাইবার নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ হামাদ আল-কুয়েতি রোববার একথা বলেছেন।

দুবাইয়ে একটি সম্মেলনে লাইভ সাক্ষাৎকারে হামাদ বলেন,   “ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক সত্যিই ইউএই’র বিরুদ্ধে তৎপর কিছু দুর্বৃত্তের কাছ থেকে বড় ধরনের হামলার পট প্রন্তুত করেছে।”

আমিরাতের অর্থনৈতিক খাত হামলার নিশানা হয়েছে বলে জানান হামাদ। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।

এই দুস্কৃতকারীরা কারা এবং তাদের কোনও হামলা সফল হয়েছে কিনা সে ব্যাপারেও হামাদ কিছু বলেননি।

সংযুক্ত আরব আমিরাত গত অগাস্টে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক দশকের আরব নীতি ভেঙে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়। পরে হোয়াইট হাউজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশটি সেই চুক্তি সইও করে।

আমিরাতের এ পদক্ষেপ ফিলিস্তিনসহ আরও কয়েকটি মুসলিম দেশকে ক্ষুব্ধ করেছে। আমিরাতের পর একইভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে বাহরাইন এবং সুদানও।

রোববারের সম্মেলনে আমিরাতের প্রধান সাইবার নিরাপত্তা কর্মকর্তা হামাদ বলেন, করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে দেশটিতে সাইবার হামলা লাফিয়ে বেড়েছে।

ঐতিহ্যগতভাবে ওই অঞ্চলে এমন বহু হামলাই ইরান থেকে সংঘটিত হয় বলে জানান হামাদ। তবে এইসব হামলার পেছনে কারা জড়িত সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি।

ওদিকে ইরানও বলেছে, তারা হ্যাকিংয়ের শিকার হয়েছে।