ফাইজারের কোভিড-১৯ টিকা নেবেন রানি এলিজাবেথ
যুক্তরাজ্যে অনুমোদন পাওয়া ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা নেবেন রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ।
দেশের জনগণকে টিকা নিতে উৎসাহিত করতে তারা টিকা নেওয়ার পর একথা ‘প্রকাশ্যে জানাতেও পারেন’ বলে রাজ উপদেষ্টাদের বরাত দিয়ে জানিয়েছে টাইমস পত্রিকা।
৯৪ বছর বয়সী রানি এলিজাবেথ ও তার স্বামী ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপ শুরুতেই টিকা পাচ্ছেন।
রাজপরিবারের সদস্য হওয়ায় বাড়তি সুবিধা নয় বরং অগ্রাধিকার ভিত্তিতে বয়স্কদেরকে আগে টিকা দেওয়ার সরকারি পরিকল্পনা অনুযায়ীই শুরুতে টিকা পাচ্ছেন তারা।
ব্রিটিশ সমাজে রানি খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। টিকা নেওয়ায় তার প্রকাশ্য সমর্থন অনলাইনে টিকা নিয়ে ছড়িয়ে পড়া নানা বিভ্রান্তি দূর করে জনগণের কাছে জোরাল ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।
যুক্তরাজ্যে ৬০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে মারা গেছে এবং শনাক্ত হয়েছে ১৭ লাখের বেশি মানুষ।
কোভিড-১৯ থেকে রেহাই পায়নি রাজপরিবারও। প্রিন্স চার্লস এবং তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম এ বছরের শুরুর দিকেই কোভিড আক্রান্ত হয়েছেন।
যুক্তরাজ্য গত ২ ডিসেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।
এই টিকা দেওয়ার ক্ষেত্রে বয়স ও ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে ব্রিটিশ সরকারের অগ্রাধিকার তালিকার আওতায় বৃদ্ধাশ্রমের বাসিন্দারা-সহ সেখানকার কর্মীরা এবং ৮০ বছরের বেশি বয়সী মানুষজন ও স্বাস্থ্যসেবা কর্মীরা আগে টিকা পাবেন।
টাইমস পত্রিকা জানায়, ১৯৫৭ সালে রানি ৮ বছর বয়সী প্রিন্স চালর্স এবং তার বোন ৬ বছর বয়সী প্রিন্স অ্যানের পোলিও টিকা নেওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন।
এর ফলে সে সময় নতুন পোলিও টিকার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে জনমনে উদ্বেগ দূর হয়েছিল।
