২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ‘ফরাসি পণ্য বয়কট করবে’, দাবি ইসলামপন্থি দলের

পাকিস্তান সরকার ফরাসি পণ্য বর্জন করতে রাজি হয়েছে দাবি করে ফ্রান্স-বিরোধী বিক্ষোভ বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির কট্টর একটি ইসলাপন্থি দল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2020, 05:13 PM

Updated : 08 Apr 2022, 01:38 AM

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদের (সা.) ব্যাঙ্গচিত্র প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করে আসছিল তেহরিক-ই-লাবাইক পাকিস্তান (টিএলপি) নামের ওই দলটি।

মঙ্গলবার দলের মুখপাত্র ইজাজ আশরাফি ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “সরকার আনুষ্ঠানিকভাবে ফরাসি পণ্য বর্জন অনুমোদন করতে একটি চুক্তি সই করেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা বিক্ষোভ বন্ধ করছি।”

দলটির সদস্যরা দুই মন্ত্রীর সই করা চুক্তির একটি কপিও দেখিয়েছে। তবে পাকিস্তান সরকার এই চুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি কিংবা বিষয়টি নিশ্চিতও করেনি।

টিএলপি মুখপাত্র আশরাফি জানান, চুক্তির শর্তগুলোর মধ্যে আরও আছে, সরকার দুই-তিন মাসের মধ্যে ফরাসি দূতকে বহিস্কারের পদক্ষেপ নেবে এবং প্যারিসে পাকিস্তানের রাষ্ট্রদূত পাঠাবে না।

তাছাড়া, বিক্ষোভ চলাকালে গ্রেপ্তার হওয়া সব বিক্ষোভকারী এবং নেতাদেরকে সরকার অবিলম্বে মুক্তিও দেবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কঠোর মুসলিমবিরোধী অবস্থান এবং মন্তব্যের জন্য তার সমালোচনা করেছিলেন।

তবে পাকিস্তানে টিএলপি’র মতো কট্টর ইসলামি দলগুলো ফ্রান্সের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা দাবি করছে।

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রোববার থেকেই দলটির সমর্থকরা রাজধানী ইসলামাবাদে গুরুত্বপূর্ণ সব সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে আসছিল। এতে জনজীবন বিপর্যস্ত হয়েছে।

তবে টিএলপি নেতারা এখন সরকার তাদের ‘দাবি মেনে নিয়েছে’ জানিয়ে বিক্ষোভ বন্ধের ডাক দিলেন।