ব্যাংককে বিক্ষোভ, প্রধানমন্ত্রীকে অপসারণের আহ্বান
থাইল্যান্ডে কয়েক হাজার সরকারবিরোধী আন্দোলনকারী রাজধানী ব্যাংককের ‘গণতান্ত্রিক স্মৃতিস্তম্ভ’ চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখিয়েছে।
শনিবারের এ প্রতিবাদ থেকে দেশটির প্রধানমন্ত্রীকে অপসারণের আহ্বান জানানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
এর কয়েক কিলোমিটার দূরে রাজতন্ত্রপন্থি কয়েক হাজার লোকও জড়ো হয়েছিল। হলুদ শার্ট পরা এসব লোক থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের জন্য অপেক্ষা করার সময় দেশের পতাকা দুলিয়ে অভিবাদন জানায়। রাজা স্থানীয় একটি অনুষ্ঠানে উপস্থিত হবেন বলে তখন ধারণা করা হচ্ছিল।
সাবেক জান্তা নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার অপসারণের দাবিতে জুলাই থেকে সরকারবিরোধী বিক্ষোভ করে আসছে থাইল্যান্ডের সরকারবিরোধী আন্দোলনকারীরা; তারা দেশটির শক্তিশালী রাজতন্ত্রেরও সংস্কার দাবি করছে।
হাতে লাউডস্পিকার নিয়ে একটি ট্রাকের ওপর থেকে অন্যতম আন্দোলনকারী সমবাট বুনঙ্গামানং বলেন, “তিনি (প্রধানমন্ত্রী) শুধু অযোগ্যই নন, তার বৈধতাও নেই। প্রায়ুথের কারণে থাইল্যান্ডের উন্নতি হচ্ছে না।”
আন্দোলনকারীরা নেচে-গেয়ে সরকারকে ব্যঙ্গ করে প্রতিবাদ জানায়। এখানে প্রায় আড়াই হাজার প্রতিবাদকারী জড়ো হয়েছিল বলে ভাষ্য পুলিশের।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য রাজধানীজুড়ে পাঁচ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়, কিন্তু বিক্ষোভ দমন করতে তারা শক্তি প্রয়োগ করবে না বলে জানিয়েছে পুলিশ। তবে এমন বলা সত্ত্বেও গত সপ্তাহে কয়েক হাজার বিক্ষোভকারী রাজতন্ত্রের ক্ষমতা নিয়ন্ত্রিত করার দাবি নিয়ে গ্রান্ড প্যালেসের দিকে রওনা হলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করেছিল।
‘গণতান্ত্রিক স্মৃতিস্তম্ভ’ চত্বর থেকে দুই কিলোমিটার দূরে একটি সাবওয়ে স্টেশনের সামনে কয়েক হাজার রাজতন্ত্রপন্থি জড়ো হয়েছিল। এই সাবওয়ে স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজার যোগ দেওয়ার কথা ছিল।
প্রতিবাদকারীরা জানিয়েছিল, রাজাকে বহনকারী গাড়িবহর যাওয়ার সময় তারা পৃষ্ঠ-প্রদর্শন করবে।
অপরদিকে রাজতন্ত্রপন্থি ডোনাপা ক্লাডবুপা (৪৮) বলেন, “কিছু লোক তাকে ক্ষমতাহীন করতে চায়, কিন্তু আমরা তাকে সমর্থন জানাতে ও দেখাতে এসেছি যে থাই জনতা তাকে ভালোবাসে।”
রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে রাজ প্রাসাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সরকারবিরোধী প্রতিবাদ শুরু হওয়ার পর থেকে রাজপ্রাসাদ থেকে কোনো মন্তব্য করা না হলেও দুই সপ্তাহ আগে রাজা বলেছিলেন, প্রতিবাদকারীদের তিনি এখনও ভালোবাসেন এবং থাইল্যান্ড আপসের দেশ।
রাজতন্ত্রের সমালোচনা করলে থাইল্যান্ডের আইন অনুযায়ী ১৫ বছরের কারদণ্ড হতে পারে, কিন্তু তারপরও প্রতিবাদাকারীরা রাজতন্ত্রের সমালোচনা শুরু করেছে আর সম্প্রতি তা ব্যাপক আকার ধারণ করেছে।
