সংক্রমণের নতুন ঢেউ রুখতে নিউ ইয়র্কে বিধিনিষেধ
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের লাগাম টেনে ধরতে নতুন বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে নিউ ইয়র্ক রাজ্যের কর্তৃপক্ষ।
নিউ ইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিয়ো বলেছেন, সংক্রমণের দ্বিতীয় ঢেউ থামাতে এটাই নিউ ইয়র্কের ‘শেষ সুযোগ’।
বিধিনিষেধের কারণে রাজ্যটিতে ১০ জনের বেশি লোক একত্রিত হতে পারবে না এবং বার, রেস্তোরাঁ ও জিমগুলোকে রাত ১০টার মধ্যেই বন্ধ করে দিতে হবে বলে আদেশ জারি করেছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুয়মো, জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই নিউ ইয়র্ক রাজ্য কর্তৃপক্ষ এ নতুন বিধিনিষেধ আরোপ করল।
বুধবার দেশটিতে রেকর্ড ৬৫ হাজার ৩৬৮ কোভিড-১৯ রোগী হাসপাতলে চিকিৎসাধীন ছিলেন। একইদিন যুক্তরাষ্ট্রে রেকর্ড এক লাখ ৪৪ হাজার ২৭০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে কোভিড ট্র্যাকিং প্রজেক্ট।
দেশটিতে এখন প্রাণঘাতী এ রোগে প্রতিদিন গড়ে ৯০০র বেশি মানুষের মৃত্যু হচ্ছে।
যুক্তরাষ্ট্রে কেবল চলতি মাসেই ১০ লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে, মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৩৩ হাজার।
শেষ ৮ দিন ধরে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে এক লাখের বেশি নতুন রোগী মিলেছে; এবারের প্রাদুর্ভাব গত বসন্ত ও গ্রিষ্মের চেয়েও মারাত্মক হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
সংক্রমণের যে গতি, তাতে আগামী কয়েকদিনের ভেতরই যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো উপচে পড়তে পারে বলে আশঙ্কা তাদের।
প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনের কোভিড-১৯ উপদেষ্টা প্যানেলের এক সদস্য বুধবার বলেছেন, দেশজুড়ে ৪ থেকে ৬ সপ্তাহের লকডাউন মহামারী পরিস্থিতিকে খানিকটা নিয়ন্ত্রণে আনতে পারে।
এই শাটডাউনের সময় যেসব ব্যবসা প্রতিষ্ঠান আয় হারাবে, তাদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার ঋণ দিতে পারে বলেও পরামর্শ দিয়েছেন ড. মাইকেল ওস্টারহোম।
বুধবার গভর্নর অ্যান্ড্রু কুয়মো বলেছেন, “দেশে এবং সারা বিশ্বেই কোভিডের উত্থান দেখছি আমরা। নিউ ইয়র্ক হচ্ছে ওই কোভিড জোয়ারের মধ্যে পড়া একটি জাহাজ।”
শুক্রবার থেকে তার রাজ্যে নতুন বিধিনিষেধগুলো কার্যকর হবে জানিয়ে কুমো বলেছেন, অধিক রাতে মানুষদের জড়ো হওয়াই ভাইরাসের বিস্তৃতির অন্যতম প্রধান কারণ বলে কন্টাক্ট ট্রেসিং থেকে তারা নিশ্চিত হয়েছেন।
সংক্রমণের ঊর্ধ্বগতির হার বাড়তে থাকলে নিউ ইয়র্ক শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে হবে বলে জানিয়েছেন শহরটির মেয়র ব্লাসিয়ো। সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে অনলাইনে ক্লাস করতে হবে, বলেছেন তিনি।
“দ্বিতীয় আরেকটি ঢেউ থামাতে এটাই আমাদের শেষ সুযোগ। আমরা এটা করতে পারবো, কিন্তু আমাদেরকে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে,” টুইটে এমনটাই বলেছেন নিউ ইয়র্ক নগরীর এ মেয়র।
চলতি বছরের প্রথমভাবে যুক্তরাষ্ট্রের যে কয়েকটি শহর কোভিড-১৯ এ ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছিল, নিউ ইয়র্ক ছিল তার অন্যতম। করোনাভাইরাসে মার্চ, এপ্রিল আর মে’তেই শহরটির প্রায় ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন।
