২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতি তদন্তের অনুমতি, শীর্ষ আইনজীবীর পদত্যাগ

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার প্রেসিডেন্ট নির্বাচনে ‘ভোট জালিয়াতির’ অভিযোগ খতিয়ে দেখতে ফেডারেল কৌসুলিদেরকে তদন্তের নির্দেশ দেওয়ার পর এর প্রতিবাদে বিচারবিভাগের এক শীর্ষ আইনজীবী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2020, 11:37 PM

Updated : 08 Apr 2022, 01:36 AM

আইনজীবী রিচার্ড পিলগার ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ‘নির্বাচনী অপরাধ শাখার’ প্রধানের দায়িত্ব পালন করে আসছেন। যুক্তরাষ্ট্রে নির্বাচন নিয়ে অনিয়মের সব ‍অভিযোগের ফেডারেল তদন্ত তারই তদারক করার কথা।

কিন্তু সোমবার অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার ফেডারেল কৌঁসুলিদেরই নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা উচিত বলে মত দেন এবং তাদের কাছে এ মর্মে একটি স্মারকলিপিও পাঠান।

সিএনএন জানায়, এরপরই আইনজীবী রিচার্ড পিলগার এর প্রতিবাদে সহকর্মীদের কাছে একটি ইমেইল পাঠান।

এতে পিগলার বলেন, “ভোটের নিশ্চিত ফল ঘোষণার আগের সময়টিতে নির্বাচনে ব্যালট জালিয়াতি তদন্তে হস্তক্ষেপ না করার ৪০ বছরের পুরনো নীতি বাতিল করে নতুন নীতি চালু করেছেন অ্যাটর্নি জেনারেল। ফলে দুঃখজনকভাবে আমাকে আমার ভূমিকা থেকে সরে দাঁড়াতেই হচ্ছে।”

গত মঙ্গলবার ভোটের পর পোস্টাল ভোট গণনা নিয়ে ‘কারচুপির’ অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইলেকটোরাল কলেজ ভোটে তিনি ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেছেন।

কিন্তু ট্রাম্প এ হার স্বীকার করতে রাজি নন। বরং ‘ভোট চুরির’ অভিযোগ তুলে তিনি আদালতে আইনি লড়াই শুরু করেছেন। ট্রাম্প বা তার প্রচার শিবির ‘ভোট চুরির’ অভিযোগ করলেও এখন পর্যন্ত এ সম্পর্কিত কোনো প্রমাণ দেখাতে পারেনি।

ট্রাম্পের প্রচারশিবির পেনসিলভেইনিয়া রাজ্যে বাইডেনের জয় ‘সার্টিফাইড’ হওয়া আটকাতে জরুরি নিষেধাজ্ঞা (ইমার্জেন্সি ইনজাংশন) জারির আবেদন করেছে।

ভোটের দিনের পর শুরুতে পেনসিলভেইনিয়ায় বাইডেনের থেকে এগিয়ে ছিলেন ট্রাম্প। কিন্তু পোস্টাল ভোট গণনা শুরু পর বাইডেন এগিয়ে যেতে শুরু করেন এবং গত শনিবার তিনি ট্রাম্পকে পেছনে ফেলে দেন।

বাইডেন পেনসিলভেইনিয়ার দখল নিয়ে ওই রাজ্যের ২০টি ইলেকটোরাল কলেজ ভোট নিজের ঝুলিতে পুরে নির্বাচিত হতে প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোটের মাইলফলক পেরিয়ে যান।

এদিকে ট্রাম্প এক টুইটে পেনসিলভেইনিয়ায় নিজেকে জয়ী বলে দাবি করেন এবং তার দল সোমবার পেনসিলভেইনিয়া ফেডারেল আদালতে আইনি লড়াই শুরু করে।

ট্রাম্পশিবিরের অভিযোগ নিয়ে তদন্তের অনুমতি দিয়ে অ্যাটর্নি জেনারেল বার লিখেছেন, ‘‘যদি একক কোনও রাজ্যে ভোটে অনিয়ম নিয়ে স্পষ্ট ও আপাত বিশ্বাসযোগ্য অভিযোগ থাকে এবং তা যদি সত্যিই ফেডারেল নির্বাচনের ফলাফলে সুনির্দিষ্ট প্রভাব ফেলে তবে ফেডারেল প্রসিকিউটররাই ওই অভিযোগ নিয়ে তদন্ত করবেন।”

প্রসিকিউটররা কোন ধরনের অভিযোগ আমলে নেবেন তা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, তারা শুধু ‘যথেষ্ট বাস্তবসম্মত’ অনিয়মের অভিযোগ খতিয়ে দেখবেন এবং ‘সন্দেহের বশে, অনুমান নির্ভর, কল্পিত বা দূরকল্পিত’ অনিয়মের অভিযোগ নিয়ে কোনও তদন্ত হবে না।

ফেডারেল তদন্তের অনুমতি দিলেও অ্যাটর্নি জেনারেল বার স্বীকার করেছেন, ভোটে অনিয়ম নিয়ে অভিযোগের ক্ষেত্রে সাধারণত সেটা দেখার দায়িত্ব থাকে রাজ্য সরকারগুলোর। তবে তার মতে, এটি ধরাবাঁধা কোনও নিয়ম নয়।