২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতে ‘লিভটুগেদার’, মদ্যপানে বিধিনিষেধ শিথিল হচ্ছে

অবিবাহিত যুগলের একত্রে বসবাস এবং মদ্যপানের উপর আরোপিত নানা বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2020, 09:49 PM

Updated : 08 Apr 2022, 01:36 AM

নুতন ওই আইনে ২১ বছর বা তার বেশি বয়সের নাগরিকরা এখন মদ কেনা-বেচা এবং পান করতে পারবেন। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ডব্লিউএএম এবং সরকার ঘনিষ্ঠ পত্রিকা ‘দ্য ন্যাশনাল’ শনিবার নতুন এ আইনের বিস্তারিত তুলে ধরেছে বলে জানায় কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এই আরব দেশটিতে নিজস্ব ইসলামিক আইন চালু আছে। ইসলামে মদপান এবং বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ।

আল জাজিরা জানায়, সংযুক্ত আরব আমিরাত সরকার দেশটিতে প্রচলিত ইসলামি আইন ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে। ওই পরিকল্পনায় ব্যক্তিগত স্বাধীনতার সীমারেখা বাড়াতে ইসলামি আইন শিথিল করার কথা বলা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতি এবং সারা বিশ্ব থেকে অধিক বিনিয়োগের পরিবেশ সৃষ্টির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ‘সহনশীলতার নীতি আরও দৃঢ় হয়’ বলে জানান আমিরাত কর্তৃপক্ষ।

এছাড়াও, দেশটি ‘অনার কিলিং’ এর ঘটনাকে অপরাধ হিসাবে গণ্য করে ‍অভিযুক্তদের আইনের আওতায় আনতে চাইছে।

সারাবিশ্বের পর্যটকদের অবকাশ যাপনে পছন্দের দেশগুলোর অন্যতম সংযুক্ত আরব আমিরাত। প্রতিবছর পৃথিবীর নানা প্রান্ত থেকে পর্যটকরা অবকাশ যাপন করতে সেখানে যান।

আমিরাতে পর্যটকদের জন্য মদ পান এবং অবকাশ যাপনের সব আয়োজন থাকলেও দেশটির নাগরিকদের জন্য সেসব নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উদ্যোগে আরব বিশ্বের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা হিসেবে গত অগাস্টে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত।

ওই চুক্তির অংশ হিসেবে দুই দেশের মধ্যে ফোনসেবা এবং বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে।

ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির পর দেশে প্রচলিত ইসলামী বিধিনিষেধ শিথিলের এ ঘোষণায় অনেকেই বলছেন, সংযুক্ত আরব আমিরাত সরকার হয়ত ইসরায়েল থেকে বেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এ উদ্যোগ নিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে আগে মদ কেনা, বহন এবং বাড়িতে রাখতে লাইসেন্সের প্রয়োজন হত। ইসলামি আইনের কারণে মুসলমানরা ওই লাইসেন্স করতে পারতেন না। নতুন আইনে নির্ধারিত বয়স সীমার পর তারাও এখন মদ পান করতে এবং বাড়িতে রাখতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে অবিবাহিত যুগলের একত্রে বসবাস শাস্তি অপরাধ ছিল। যদিও দেশটির বাণিজ্যিক নগরী দুবাইতে অনেক দিন ধরেই সমাজ ব্যবস্থায় পরিবর্তনের ধারা লক্ষ্য করা যাচ্ছিল।

 বিশেষ করে বিদেশিদের উপর এই আইনের প্রয়োগে ততটা কড়াকড়ি ছিল না। কিন্তু তারপরও শস্তির একটা ভয় থেকেই যেত।

পরিবারের সম্মান রক্ষার নামে নারীদের উপর তার পরিবারের পুরুষ সদস্যদের যে কোনও ধরণের নির্যাতন বন্ধে ‘অনার কিলিং’ নিষিদ্ধ করেও সেখানে আইন হচ্ছে।