২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত

পরীক্ষায় হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মেডৌসের করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2020, 12:27 PM

Updated : 08 Apr 2022, 01:36 AM

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হাসপাতালে ভর্তি হওয়ার এক মাস পর তার চিফ অব স্টাফের করোনাভাইরাস পজিটিভ আসার খবর হল বলে জানিয়েছে বিবিসি।

গত মাসের প্রথমদিকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালে ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হন। একই সময় তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ছেলে ব্যারন ট্রাম্পও আক্রান্ত হয়েছিলেন।

এরপর ট্রাম্পকে মেরিল্যান্ডের ‘ওলটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে’ ভর্তি করা হয়েছিল। এখানে তিন রাত কাটানোর পর হোয়াইট হাউসে ফিরেছিলেন তিনি। এরপর কিছুদিন আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে ওঠেন।

প্রায় একই সময় হোয়াইট হাউসের আরও অনেক জ্যেষ্ঠ কর্মকর্তাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সর্বশেষ সেই দলের যোগ দিলেন চিফ অব স্টাফ মিডৌস।

মিডৌসকে প্রায়ই মাস্ক ছাড়া প্রকাশ্য অনুষ্ঠানগুলোতে দেখা যেত। তিনি কীভাবে সংক্রমিত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। 

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের ৯৭ লাখেরও বেশি লোক আক্রান্ত হয়েছেন ও মহামারী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২ লাখ ৩৬ হাজার জনের মৃত্যু হয়েছে।   

শুক্রবার দেশটিতে নতুন করে অন্তত ১ লাখ ২৯ হাজার ৬০৬ জন করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে রযটার্সের টালি। এই নিয়ে পরপর তৃতীয় দিনের মতো দেশটিতে ১ লাখেরও বেশি লোক নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হলেন।