২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নির্বাচন: জয় পেতে কার কী চাই

খাওয়া-ঘুম মাথায় তুলে ক্লান্তিহীন অপেক্ষা চলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলের জন্য। সবার নজর এখন গণনা শেষ না হওয়া রাজ্যগুলোর দিকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2020, 12:50 PM

Updated : 18 Aug 2022, 04:03 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।

সেখানে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ২৫৩টি ইলেকটোরাল ভোট জিতে কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে মাত্র ১৭ ভোট দূরত্বে আছেন।

অন্যদিকে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত জিতেছেন ২১৪ ইলেকটোরাল ভোট; চূড়ান্ত জয় পেতে হলে তার চাই আরও ৫৬ ভোট।

জর্জিয়া, নেভাডা, পেনসিলভেইনিয়া ও অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনায় এখনও ভোট গণনা চলছে। এসব রাজ্যের ফলাফলই নির্ধারণ করে দেবে দুই প্রার্থীর ভাগ্য। 

বাইডেন যদি ২০ ইলেকটোরাল ভোটের রাজ্য পেনসিলভেইনিয়ায় জিতে যান, অথবা বাকি চার রাজ্যের মধ্যে যে কোনো দুটিতে জয় নিশ্চিত করতে পারেন, তাহলেই তার হোয়াইট হাউজে যাওয়া নিশ্চিত।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে হোয়াইট হাউজের দখল ধরে রাখতে হলে পেনসিলভেইনিয়ার সঙ্গে আরও অন্তত তিনটি রাজ্যে জিততে হবে।  

দুই প্রার্থীর মধ্যে কে কীভাবে চূড়ান্ত জয় পেতে পারেন, তা নিয়ে একটি গ্রাফিক্স তৈরি করেছে বিবিসি।