২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশিগানে ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদনে সাড়া দেয়নি আদালত

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মিশিগান রাজ্যে ভোট গণনা বন্ধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের মামলা খারিজ করেছে আপিল আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2020, 01:42 AM

Updated : 08 Apr 2022, 01:35 AM

বিবিসি জানায়, প্রচারশিবির অনেক দেরি করে, ভোট গোনার একেবারে শেষ সময়ে গণনা বন্ধের আবেদন করেছে বলে যুক্তি দিয়েছেন রাজ্যের ফার্স্ট ডিস্ট্রিক্ট আপিল আদালতের বিচারক সিন্থিয়া স্টিফেনস।

তাছাড়া, মামলায় ভুল কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে (মিশিগান রাজ্যের সেক্রেটারি অব স্টেট জসলিন বেনসন) জানিয়ে বিচারক বলেন, স্থানীয় ভোট গণনা প্রক্রিয়ায় ওই কর্মকর্তার কোনও হাত নেই। যদিও তিনি রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা।

জসলিন বেনসনের বিরুদ্ধে অভিযোগ, তিনি দুই দলের পর্যবেক্ষক এবং চ্যালেঞ্জাকারীদের ভোটিং প্রক্রিয়া দেখতে না দিয়েই ডাকযোগের ব্যালট গণনা করতে দিয়েছেন। এভাবে তিনি মিশিগানের ভোটারদের সুষ্ঠু এবং বৈধ নির্বাচনে অংশ নেওয়ার সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করছেন।

তবে বেনসন এসব অভিযোগ অস্বীকার করেছেন। ট্রাম্প শিবির বলছে, আরও রিপাবলিকান ভোট পর্যবেক্ষককে গণনা প্রক্রিয়া দেখতে না দেওয়া পর্যন্ত ভোট গণনা বন্ধ থাকা উচিত।