২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমোক্র্যাটদের আশার পালে হাওয়া

ভোটের রাতে হতাশা নিয়ে বিছানায় যাওয়া ডেমোক্র্যাটরা ফের আশাবাদী হয়ে উঠছেন বুধবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পরে।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 09:57 PM

Updated : 08 Apr 2022, 01:35 AM

সকালে আগাম ভোট গণনা শুরু হওয়ার পর উইসকনসিন ও মিশিগানে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে জো বাইডেনের এগিয়ে যাওয়া তাদের মধ্যে আশা জোগাচ্ছে।

১০টি ইলেকটোরাল ভোটের উইসকনসিন স্টেটে রাতে এক লাখের বেশি ভোটে এগিয়ে ছিলেন ডনাল্ড ট্রাম্প। সকালে ভোট গণনা শুরু হওয়ার পর পাল্টাতে থাকে চিত্র। ৯৭ শতাংশ ভোট গণনা শেষে এখানে ট্রাম্পের চেয়ে ২১ হাজার ভোটে এগিয়ে গেছেন বাইডেন।

এর পেছনে আগাম ভোট বড় ভূমিকা রেখেছে বলে সিএনএন জানিয়েছে।

আরেকটি বড় পরিবর্তন ঘটেছে ১৬টি ইলেকটোরাল ভোটের মিশিগান অঙ্গরাজ্যে। সারা রাত পিছিয়ে থাকার পর সকালে এগিয়ে গেছে বাইডেন। এখন যেসব কাউন্টির ভোট গণনা বাকি আছে সেগুলোর মধ্যে ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি অঞ্চলও রয়েছে। মিশিগানের নির্বাচন কর্মকর্তারা দিন শেষে ভোটের ফলের একটি স্পষ্ট চিত্র পাওয়ার আশা করছেন।

১১টি ইলেকটোরাল ভোটের অ্যারিজোনা অঙ্গরাজ্যেও এক লাখের বেশি ভোটে এগিয়ে আছেন বাইডেন, যদিও রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ম্যারিকোটা কাউন্টির ভোট গণনা এখনও শেষ হয়নি। তবে এখানেও দুই লাখ ৪৮ হাজার আগাম গণনার অপেক্ষায় রয়েছে, যা ডেমোক্র্যাটদের মধ্যে আশার সঞ্চার করছে।

১৬টি ইলেকটোরাল ভোটের জর্জিয়ায় ট্রাম্প এগিয়ে রয়েছেন। তবে এখনও যে সব অঞ্চলের ভোট গণনা শেষ হয়নি, বৃহত্তর আটলান্টা মেট্রোপলিটন এলাকার ওই সব জায়গা বাইডেন ভালো করছেন।

৬টি ইলেকটোরাল ভোটের নেভাডায়ও এগিয়ে আছেন বাইডেন।

তবে আরেক গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড ২০টি ইলেকটোরাল ভোটের পেনসিলভেইনিয়ায় বেশ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন ডনাল্ড ট্রাম্প। তবে এখনও সেখানে বড় সংখ্যায় পোস্টাল ব্যালট গণনার অপেক্ষায় রয়েছে, যা ডেমোক্র্যাটদের ঘুরে দাঁড়ানোর আশা জাগাচ্ছে।

১৫টি ইলেকটোরাল ভোটের নর্থ ক্যারোলাইনায়ও লাখখানেক ভোটের ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। তিনটি ইলেকটোরাল ভোটের আলাস্কায়ও এগিয়ে রিপাবলিকান প্রার্থী।

এই পরিস্থিতিতে জয়ের আশা প্রকাশ করে বাইডেনের একজন জ্যেষ্ঠ ক্যাম্পেইন পরামর্শক সিএনএনকে বলেছেন, “আমরা বেশ আছি। আমরা আজকে জিততে চলেছি।”

অন্যদের কণ্ঠেও তার আশাবাদের যৌক্তিকতা শোনা যাচ্ছে।

ডেভিড গ্রেগেন নামে সিএনএনের একজন প্রদায়ক বলেন, ডেমোক্র্যাটরা রাতের হতাশা থেকে জেগে উঠেছেন।

“গত রাতে একটি বড় সংখ্যক ডেমোক্র্যাট যখন ঘুমাতে যান তারা খুব খুব হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু আজকে, সকালে, নাটকীয় এই পরিবর্তনে ডেমোক্র্যাটরা এখন আরও আলো দেখছেন।”