যুক্তরাষ্ট্রের নির্বাচন ‘পাগলামি’: রাশিয়া, জার্মানি বলল ‘পরিস্থিতি বিস্ফোরক’
যুক্তরাষ্ট্র বা রাশিয়ার জন্য বেশি ভাল প্রার্থী কে? ট্রাম্প না বাইডেন? রুশ গণমাধ্যমের দৃষ্টিতে সেটি মূল প্রশ্ন নয়। বরং রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল জনগণকে এই বার্তাই দিয়েছে যে, আমেরিকা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
যার মানে আমরিকার গণতন্ত্র মুখ থুবড়ে পড়ছে সেটাই বোঝানো হচ্ছে এবং এর আরও একটি অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে এই যে, কোনটা ঠিক আর কোনটা ভুল তা অন্যকে শেখানোর মতো অবস্থায় আমেরিকা আর নেই।
বুধবার সকালে রাশিয়ার রাষ্ট্রায়ত্ব টিভি চ্যানেল রোশিয়া-২৪ যুক্তরাষ্ট্রের রাস্তায় লোকজনের চীৎকার, মারামারির ভিডিও দেখিয়েছে। যুক্তরাষ্ট্রে নির্বাচনকে ‘পাগলামি’ আখ্যা দিয়েছে তারা।
রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় টিভি স্টেশন এনটিভি’ও যুক্তরাষ্ট্রের পরিস্থিতিতে অস্থিরতার পূর্বাভাস দিয়েছে।
ওদিকে, জার্মানির প্রতিরক্ষামন্ত্রী আন্নেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার। বুধবার যুক্তরাষ্ট্রের পরিস্থিতি বিস্ফোরক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “এ এমন এক পরিস্থিতি যা থেকে যুক্তরাষ্ট্রে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে। এতে আমরা উদ্বিগ্ন না হয়ে পারছি না।”
অন্য ইউরোপীয় নেতারা কী বলছেন?
বিবিসি জানায়, ইউরোপের আরও অনেক নেতৃস্থানীয় রাজনীতিবিদ এবার যুক্তরাষ্ট্রের নির্বাচনের এই পরিস্থিতি দেখে ‘ইউরোপের নিজেদের নিয়তি নিজেদের হাতে নেওয়ার’ যুক্তি দিচ্ছেন।
বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী কিংবা ফ্রান্সের ইউরোপ মন্ত্রীর কথায়, “ইউরোপের ভাগ্য নির্ধারণে যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে থাকা আর নয়।”
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চার বছরের শাসনামলে কূটনীতি, বাণিজ্য, বৈদেশিক নীতি, নিরাপত্তা, প্রযুক্তি, জলবায়ু এবং আরও অনেক ক্ষেতেই যুক্তরাষ্ট্র-ইইউ সম্পর্কের অনেক ক্ষতি হয়েছে।
তারপরও ইউরোপের নেতারা পুরোপুরি একলা চলো নীতি নেওয়ার পক্ষপাতি না। অনেক নেতাই নীরবে বাইডেনের জয় আশা করছেন। যদিও তারা জানেন, ট্রাম্পের থেকে বাইডেনের নেতৃত্ব কিছুটা আলাদা হলেও ট্রান্সআটলান্টিক মিত্রতায় যে চিড় ধরেছে তা নাও মেরামত হতে পারে।
ফলে যুক্তরাষ্ট্রে বিশেষত এই উৎকণ্ঠার নির্বাচনের পর শেষপর্যন্ত যিনিই হোয়াইট হাউসে যান না কেন ইউরোপ যে প্রাথমিকভাবে বৈদেশিক সম্পর্কের পরিবর্তে নিজেদের অভ্যন্তরীন বিষয়েই বেশি নজর দেবে তা একরকম নিশ্চিত।
