২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ডাকযোগের সব ব্যালট পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ

মহামারীর কারণে এবার যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি ভোটার ডাকযোগে ভোটে দিয়েছেন। পোস্টাল সার্ভিসকে এসব ব্যালটপেপার সময়মত নির্বাচন কমিশনে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ওয়াশিংটনের এক ফেডারেল বিচারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 03:43 AM

Updated : 08 Apr 2022, 01:35 AM

এবারের নির্বাচনে ডাকযোগে দেওয়া ভোটের সংখ্যা প্রায় ১০ কোটি। স্বাভাবিকভাবেই এই ভোট জয়-পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাই ডাকযোগে পাঠানো একটি ব্যাটলপেপারও যেন আগাম ভোটকেন্দ্রের বাক্সের ভেতর পড়ে না থাকে তা নিশ্চিত করতে মঙ্গলবার দিনের শেষ ভাগে ওয়াশিংটন ডি সির ডিস্ট্রিক্ট জাজ এমমেট জি. সুলিভান ওই নির্দেশ দেন। 

ওই আদেশে পোস্টাল সার্ভিস কর্মীদের সেন্ট্রাল পেনসিলভানিয়া, ফিলাডেলফিয়া, ডেট্রয়েট, আটলান্টা, হিউস্টন, সাউথ ফ্লোরিডা, অ্যারিজোনাসহ আরও বেশ কিছু জায়গায় স্থানীয় সময় দুপুর ১২:৩০ (ইএসটি) থেকে ১৫:০০ (ইএসটি)’র মধ্যে ডাকযোগে আগাম ভোটের ব্যালটপেপার জমা দেওয়ার জায়গা ভাল করে পরীক্ষা করতে বলা হয়েছে।

কোভিড-১৯ মহামারীর মধ্যে শুরু হওয়া এবারের নির্বাচনী প্রচারে শুরু থেকেই ডাকযোগে ভোট নিয়ে নানা আলোচনা, বিতর্ক ও অভিযোগ উঠেছে।

এ বছর ডাকযোগে অনেক ভোট পড়বে জানার পরও যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিসের খরচ কমাতে নানা ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। তাই কর্মীর সংখ্যা কমে যাওয়ায় অন্যান্য বছর থেকে এবার চিঠিপত্র পৌঁছাতে দেরি হচ্ছে।

এ নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পোস্টাল সার্ভিস হয়ত ডাকযোগে পাঠানো অনেক ব্যালটপেপার ঠিক সময়ে নির্বাচন কমিশনের ঠিকানায় পৌঁছে দিতে সক্ষম হবে না। ফলে ভোটের প্রকৃত ফল নির্ধারণে বিশৃঙ্খলার সৃষ্টি হবে।

এ নিয়ে আদালতে বেশ কয়েকটি মামলাও হয়েছে। এমনই একটি মামলার রায়ে মঙ্গলবার বিচারক জি. সুলিভান পোস্টাল সার্ভিসকে ওই আদেশ দেন।

গত কয়েক মাসে যেসব এলাকায় চিঠিপত্র বিলি করতে দেরি হয়েছে সেসব জায়গাকে বিবেচনায় নিয়েই ওই আদেশ দেয়া হয়। এ বছর কিছু কিছু এলাকায় লাখ লাখ মানুষ কয়েক দিন এমনকি কয়েক সপ্তাহ ধরে কোনও চিঠি পাননি।

এক এক অঙ্গরাজ্য ডাকযোগে পাঠানো ভোট পৌঁছানোর জন্য এক এক ধরনের সময় বেঁধে দিয়েছে। কোথাও ভোটের পর তিন দিন পর্যন্ত ডাকযোগে আসা ব্যালট গ্রহণ করবে। আবার কোথাও ভোটের দিনের পর আর কোনও ব্যালট গ্রহণ করা হবে না। পোস্টাল সার্ভিসকে নির্দেশ দেওয়ার সময় বিচারক এই বিষয়টিও বিবেচনায় রেখেছেন।

যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিস থেকে এখনও এই রায়ের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।