ফ্লোরিডায় বাইডেনকে ‘প্রায় ধরে ফেলেছেন’ ট্রাম্প: জরিপ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সর্বশেষ জনমত জরিপে ফ্লোরিডায় রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের পক্ষে জনসমর্থন সামান্য বাড়তে দেখা যাচ্ছে।
আগের সপ্তাহের তুলনায় সামান্য এগিয়ে যাওয়া ট্রাম্প গুরুত্বপূর্ণ এ ‘ব্যাটলগ্রাউন্ডে’ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে ‘প্রায় ধরে ফেলেছেন’ বলে জানাচ্ছে জরিপের ফল।
প্রায় একই সময়ে অনুষ্ঠিত অন্য কয়েকটি ‘ব্যাটলগ্রাউন্ড রাজ্যে বাইডেনকে ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। এর মধ্যে অ্যারিজোনা ও পেনসিলভানিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী রিপাবলিকান ট্রাম্পের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বুধবার রয়টার্স/ইপসস ৬টি ‘ব্যাটলগ্রাউন্ড’ রাজ্যের এ জরিপগুলো প্রকাশ করে।
৯ থেকে ১৩ অক্টোবর হওয়া রয়টার্স/ইপসসের জাতীয় পর্যায়ের আরেকটি জরিপে বাইডেনকে ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থাকতে দেখা গেছে। ওই জরিপে অংশ নেওয়া ৫১ শতাংশ বাইডেনের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন, ট্রাম্প পেয়েছেন ৪১ শতাংশের সমর্থন।
আগের সপ্তাহের জরিপে বাইডেন ট্রাম্পের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে ছিলেন।
রয়টার্স/ইপসস চলতি মাসের ৬ থেকে ১৪ অক্টোবর যে ৬টি ‘ব্যাটলগ্রাউন্ড’ রাজ্যে জরিপ চালিয়েছে, সেই উইসকনসিন, পেনসিলভানিয়া, মিশিগান, নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডা ও অ্যারিজোনা নভেম্বরের নির্বাচনের চূড়ান্ত ফল নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
ফ্লোরিডার জরিপে অংশ নেওয়া এক হাজার প্রাপ্তবয়স্কের মধ্যে ৬৫৩ জনই সম্ভাব্য ভোটার বলে জানিয়েছে রয়টার্স। অংশগ্রহণকারীদের মধ্যে ৪৯ শতাংশ বাইডেনের পক্ষ নিয়েছেন, ৪৭ শতাংশ বেছে নিয়েছেন ট্রাম্পকে। আগের সপ্তাহে ট্রাম্পের পক্ষে ৪৫ শতাংশের সমর্থন দেখা গিয়েছিল।
জরিপে অংশ নেওয়াদের মধ্যে ১৭ শতাংশ এরই মধ্যে ভোট দিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। ৪৯ শতাংশ বলেছেন বাইডেন করোনাভাইরাস মহামারী ভালোভাবে সামলাতে পারতেন; এই ইস্যুতে ৪৪ শতাংশের সমর্থন গেছে ট্রাম্পের পকেটে।
অর্থনীতি প্রশ্নে অবশ্য রিপাবলিকান প্রার্থীর প্রতিই জনসমর্থনের পাল্লা ভারি। ৪৯ শতাংশ বলেছেন ট্রাম্প অর্থনীতি ভালো সামলাবেন; এই ইস্যুতে ৪৫ শতাংশ তার ডেমোক্র্যাট প্রতিপক্ষকে বেছে নিয়েছেন।
অ্যারিজোনায় বাইডেনের জনসমর্থন আগের সপ্তাহের তুলনায় ২ শতাংশ বেড়ে ৫০ শতাংশে পৌঁছেছে বলেও জানাচ্ছে ৭ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত হওয়া রয়টার্স/ইপসসের জরিপ। ট্রাম্পের সমর্থন এখানে আগের মতোই ৪৬ শতাংশে আটকে আছে।
এ রাজ্যের জরিপে অংশ নেওয়া ৯৯৮ প্রাপ্তবয়স্কের মধ্যে ৬৬৭ জনকে সম্ভাব্য ভোটার বলে মনে করা হচ্ছে। অংশগ্রহণকারীদের মধ্যে ১০ শতাংশ এরই মধ্যে ভোট দিয়ে দিয়েছেন।
এখানকার জরিপে অংশ নেওয়া অর্ধেক ব্যক্তিই বাইডেন করোনাভাইরাস মহামারী ভালো সামলাতে পারতেন বলে মনে করছেন। ট্রাম্পই ভালো করবেন বলে মনে করছেন ৪১ শতাংশ। অর্থনীতি ব্যবস্থাপনা প্রসঙ্গে জরিপে অংশগ্রহণকারী ৪৯ শতাংশের আস্থা ট্রাম্পের উপরই; এক্ষেত্রে বাইডেনকে ভালো মনে করেন ৪৫ শতাংশ।
৭ থেকে ১৩ অক্টোবর হওয়া মিশিগানের জরিপে বাইডেন ট্রাম্পের চেয়ে ৮ শতাংশ এগিয়ে আছেন; আগের সপ্তাহেও দু’জনের ব্যবধান একই ছিল। ৯৮৫ প্রাপ্তবয়স্ক এবারের এ জরিপে অংশ নেন, যাদের মধ্যে ৬২০ জনই সম্ভাব্য ভোটার। অংশগ্রহণকারীদের মধ্যে ২২ শতাংশ আগাম ভোট দিয়েছেন বলেও রয়টার্স জানিয়েছে।
একই সময়ে হওয়া নর্থ ক্যারোলাইনার জরিপে বাইডেনের পক্ষে ৪৮ শতাংশ ও ট্রাম্পের পক্ষে ৪৭ শতাংশের সমর্থন দেখা গেছে। জরিপে যে এক হাজার প্রাপ্তবয়স্ক অংশ নিয়েছেন তার মধ্যে সম্ভাব্য ভোটার ৬৬০।
এই দুই রাজ্যের জরিপে অংশগ্রহণকারী সংখ্যাগরিষ্ঠ অংশই করোনাভাইরাস মোকাবেলায় ট্রাম্পের পদক্ষেপে অসন্তুষ্টি প্রকাশ করেছেন; যদিও অর্থনীতি প্রসঙ্গে তাদের পছন্দ এ রিপাবলিকান প্রার্থীই।
উইসকনসিনে এক হাজার দুইজন প্রাপ্তবয়স্কের উপর জরিপ হয়েছিল ৬ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫৭৭ জন সম্ভাব্য ভোটার। এ রাজ্যে আগের সপ্তাহের তুলনায় বাইডেনের জনপ্রিয়তা এক শতাংশ বেড়ে ৫১ শতাংশ হয়েছে। ট্রাম্পের পক্ষে সমর্থন আগের মতোই ৪৪ শতাংশ।
পেনসিলভানিয়ায় একই সময়ের জরিপও রিপাবলিকান শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। এ রাজ্যে আগের সপ্তাহের তুলনায় ট্রাম্পের সমর্থন ১ শতাংশ কমেছে; অন্যদিকে বাইডেনের সমর্থন ১ শতাংশ বেড়ে গেছে। যে কারণে আগের সপ্তাহে যেখানে দুই প্রার্থীর ব্যবধান ছিল ৫ পয়েন্ট, এখন তা ৭ এ দাঁড়িয়েছে।
৬ রাজ্যের এ জরিপগুলোতে ত্রুটি বিচ্যুতির পরিমাণ ৪-৫ শতাংশ পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে রয়টার্স।
