ভারতীয় আমেরিকানদের পছন্দ বাইডেন: জরিপ
প্রায় তিন-চতুর্থাংশ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন। নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
বুধবার জরিপের ফল প্রকাশ করা হয়। এতে অংশগ্রহণকারীদের বেশিভাগই মনে করেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দেশকে ভুল দিশায় নিয়ে গেছেন। তাই তারা ট্রাম্পকে আর চান না।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির দ্বিতীয় বৃহৎ অভিবাসী দল ভারতীয় আমেরিকানরা। তারা দেশটির মোট নিবন্ধিত ভোটারের ১ শতাংশের সামান্য কম।
নির্বাচনে লড়াই যখন হাড্ডাহাড্ডি হয়ে যায় তখন বিদেশি বংশোদ্ভূত নাগরিকদের ভোটই গুরুত্বপূর্ণ হয়ে উঠে।
ভারতীয় আমেরিকানদের বাইডেনকে পছন্দ করার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ নিঃসন্দেহে কমলা হ্যারিসন। বাইডেনের রানিংমেট কমলার মা ভারতীয়।
কমলা প্রথম কৃষ্ণাঙ্গ-এশীয় আমেরিকান নারী যিনি দেশটির প্রধান দুই দলের একটি থেকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন।
জরিপে দেখা গেছে, ৭২ শতাংশ ভারতীয় আমেরিকান নিবন্ধিত ভোটার বাইডেনকে এবং মাত্র ২২ শতাংশ ট্রাম্পকে ভোট দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাকিরা হয় অন্য প্রার্থীকে ভোট দেবেন বা এখনও কাকে ভোট দেবেন তা ঠিক করে উঠতে পারেননি।
৯৩৬ জন ভারতীয় আমেরিকান এই জরিপে অংশ নেন। গত ১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত জরিপ চলে।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান কমিউনিটিতে অবশ্য বরাবরই ডেমোক্র্যাটিক প্রার্থীদের সমর্থন বেশি। কিন্তু ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয় রাষ্ট্রীয় সম্পর্কে বাইরেও ব্যক্তিগত ঘনিষ্ঠতা ওই ঐতিহ্যের ব্যত্যয় ঘটানোর সম্ভাবনা জোরদার করেছিল।
ভারতীয় আমেরিকান ভোটারদের খুশি করতে ট্রাম্পের চেষ্টারও কমতি নেই। গত বছর মোদী যখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তখন ট্রাম্প মোদীর সম্মানে টেক্সাসে ‘হাউডি মোদী’জনসভা আয়োজন করেন; যেখানে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নিয়েছিল।
বিনিময়ে ট্রাম্প যখন এ বছর ফেব্রুয়ারিতে ভারত সফরে যান তখন তার সম্মানে মোদীর আয়োজিত জনসভায় এক লাখ ১০ হাজার মানুষ অংশ নেয়।
অবশ্য ভারতে মোদীর বিরুদ্ধে যেভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গণআন্দোলন হচ্ছে তাতে বাইডেন ক্ষমতায় এলে দেশটির বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নিতে পারেন বলে আমেরিকার ভারতীয় কমিউনিটিতে গুঞ্জন আছে।
তাই তারা বাইডেনকে ভোট নাও দিতে পারেন বলে শোনা যায়। যদিও জনমত জরিপের ফল এখন পর্যন্ত ওই গুঞ্জনের পক্ষে দেখা যাচ্ছে না।
