ট্রাম্প মনোনীত বিচারপতি ব্যারেটকে নিয়ে সিনেটে শুনানি শুরু
যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি পদে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মনোনীত এমি কনি ব্যারেটের নিয়োগ নিশ্চিত করতে সিনেটে ভোটাভুটির আগে শুনানি শুরু করেছে বিচারবিভাগীয় কমিটি।
ডেমোক্র্যাটরা ব্যারেটের নিয়োগ চূড়ান্ত করতে সিনেটে দেরিতে ভোট অনুষ্ঠানের আহ্বান জানিয়ে আসলেও রিপাবলিকানরা নির্বাচনের আগেই তো করে ফেলতে চাইছে।
গত ১৮ সেপ্টম্বরে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের মৃত্যুর এক সপ্তাহ পর নতুন বিচারপতি হিসাবে রক্ষণশীল বিচারক কনি ব্যারেটকে মনোনয়ন দেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল কোর্টের রক্ষণশীল বিচারক এমি কনি ব্যারেট। ছবি: রয়টার্স
সোমবার সকাল থেকে ব্যারেটকে নিয়ে সিনেট বিচার বিভাগীয় কমিটি চারদিনের শুনানি শুরু করেছে। শুনানি অধিবেশনের দায়িত্বে আছেন চেয়ারম্যান সিনেটর লিন্ডসে গ্রাহাম।
শুনানিতে সদস্যদের কেউ কেউ উপস্থিত থাকছেন, আবার কেউ কেউ ভার্চুয়ালিও অংশ নিচ্ছেন। অধিবেশন চলাকালে ব্যারেট সাক্ষীর টেবিলে থেকে প্রশ্নের জবাব দেবেন। এবিসি নিউজে তা সরাসরি সম্প্রচার করা হবে।
এই শুনানি কার্যত বিচারপতি পদে ব্যারেটের চাকরির জন্য এক সাক্ষাৎকার। এতে ব্যারেট তার আইনগত দর্শন এবং এই পদে চাকরির জন্য তার যোগ্যতা বিশদভাবে তুলে ধরার সুযোগ পাবেন।
ফেডারেল আপিল কোর্টের রক্ষণশীল বিচারক এমি কনি ব্যারেট (৪৮) ধর্মীয় রক্ষণশীলদের পছন্দনীয় ব্যক্তিত্ব। ২০১৭ সালে ট্রাম্প শিকাগো-ভিত্তিক সপ্তম ইউএস সার্কিট আপিল কোর্টে ব্যারেটকে নিয়োগ করেছিলেন।
তার নিয়োগ নিশ্চিত হলে ব্যারেট হবেন সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের নিয়োগকৃত তৃতীয় বিচারপতি। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতার ব্যবধান বেড়ে দাঁড়াবে ৬-৩ এ।
এমন হলে আগামী কয়েক দশকের জন্য সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদের অনুকূলে থাকার সুবিধা পেয়ে যাবে রিপাবলিকানরা।
