২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশিগানের গভর্নরকে অপহরণের পরিকল্পনা ভণ্ডুল, গ্রেপ্তার ১৩

মিশিগানের ‘স্টেট ক্যাপিটল’ ভবনে হামলা চালিয়ে গভর্নর গ্রেচেন হুইটমারকে অপহরণের পরিকল্পনা হয়েছিল, যা ভণ্ডুল করে দেওয়ার কথা জানিয়েছে এফবিআই। গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Oct 2020, 04:36 PM

Updated : 10 Oct 2022, 07:27 PM

তাদের মধ্যে সাতজন মিশিগানের বিচ্ছিন্নতাবাদী দল ‘উলভেরিন ওয়াচম্যান’ এর সঙ্গে সংশ্লিষ্ট বলে জানায় এফবিআই।

ডেমোক্র্যাটিক নেতা হুইটমারের সঙ্গে করোনাভাইরাস মহামারী নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে রীতিমত কথার লড়াই চলেছে।

এফবিআই জানায়, হুইটমার কে যারা অপহরণ করতে চয়েছিলেন তারা প্রথমে লানসিংয়ে স্টেট ক্যাপিটাল ভবনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দুইশতাধিক লোককে ভাড়া করতে চেয়েছিল। তাদের পরিকল্পনা ছিল, দুইশো লোক নিয়ে স্টেট ক্যাপিটাল ভবনে হামলা চালিয়ে সেখান থেকে হুইটমারকে অপহরণ করা। কিন্তু সেখানে কড়া নজরদারি থাকার কারণে তারা সেই পরিকল্পনা বাতিল করে এবং হুইটমার যে বাড়িতে ছুটি কাটান (ভ্যাকেশন হোম) সেখান থেকে তাকে অপহরণের পারিকল্পনা করে।

পরে এক সংবাদ সম্মেলনে এজন্য ট্রাম্পকে দায়ী করেন হুইটমার। বলেন, ট্রাম্পের উস্কানিতেই ‘এইরকম অসুস্থ এবং  নচ্ছার লোকেদের’ দল তাকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

তিনি বলেন, ‘‘যখন আমাদের নেতারা দেশীয় সন্ত্রাসীদের সঙ্গে দেখা করে, তাদের উৎসাহ দেয় ও তাদের প্রতি ভ্রাতৃত্ব দেখায় তখন তারা ধরেই নেয় যে তারা যা করছে ঠিকই করছে এবং তারা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে।”

হোয়াইট হাউজ থেকে হুইটমারের বক্তব্যের বিরোধিতা করে বলেছে, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্প সব ধরনের বিদ্বেষমূলক আরচণের বিরুদ্ধে এবং এ ধরনের কাজের কড়া সমালোচক।”

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। গত কয়েক মাসে মার্কিন নিরাপত্তা সংস্থা বেশ কয়েকবার লিখিত বিবৃতিতে নির্বাচন ঘিরে অভ্যন্তরীণ চরমপন্থিদের হামলা হতে পারে বলে সতর্ক করেছে।

গত সেপ্টেম্বরে এফবিআই-র পরিচালক ক্রিস্টোফার রে বলেছিলেন, তার সংস্থা শ্বেতাঙ্গশ্রেষ্ঠত্ববাদ এবং ফ্যাসিবাদী বিরোধী দলের মত দেশীয় চরমপন্থিদের নিয়ে তদন্ত করছে।

এফবিআই জানায়, এ বছরের শুরুতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ‘সিক্রেট গ্রুপে’ বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে একাধিক অঙ্গরাজ্যের গভর্নরকে উৎখাতের বিষয়ে আলাচনায় ও পরিকল্পনা করার কথা জানতে পারে।

তারপরই এফবিআই সতর্ক হয়ে যায় এবং নিজেদের গোপন সূত্রগুলো কাজে লাগিয়ে ওই গ্রুপের সদস্যদের কর্মকাণ্ডের উপর নজরদারি শুরু করে।

যে ছয় জনের বিরুদ্ধে মিশিগান গভর্নর হুইটমারকে অপহরণের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তারা হলেন, অ্যাডাম ফাক্স, ব্যারি ক্রফ্ট, টি গ্যাবিন, কালেব ফ্রাঙ্কস, ডানিয়েল হ্যারিস এবং ব্রান্ডন কাসের্টা। দোষীসাব্যস্ত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

মিশিগানের অ্যাটর্নি অ্যান্ড্রু বির্গ বলেন, ‘‘বিশেষ করে ফক্স এবং ক্রফ্ট গভর্নরের বাড়িতে পাহারায় থাকা পুলিশ সদস্যদের সেখান থেকে সরিয়ে নিতে বিস্ফোরণ ঘটনোর আলাপ করেছেন। এমনকি ফক্স মিশিগান হাইওয়ে ব্রিজের নিচে কোথায় বিস্ফোরক পুঁতে রাখা যা সেটাও দেখে এসেছেন।”

‘উলভেরিন ওয়াচম্যান’ ২০১৯ সালের নভেম্বর থেকে ফেসবুকে গ্রুপ খুলে সদস্য সংগ্রহ শুরু করে। তারা সদস্যদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয়। যাতে তারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ বা গৃহযুদ্ধ শুরু করতে পারে।