ভার্চুয়াল বিতর্কে অংশ নিয়ে সময় নষ্ট করবেন না ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল টিভি বিতর্কে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ভার্চুয়াল বিতর্ক করে সময় নষ্ট করবেন না বলে জানিয়েছেন তিনি।
ট্রাম্প এবং বাইডেনের মধ্যে আগামী ১৫ অক্টোবর দ্বিতীয় দফায় এই বিতর্ক হওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্ক আয়োজক কমিশন বিতর্কটি ভার্চুয়ালি অনুষ্ঠানের সিদ্ধান্ত ঘোষণা করেছিল।
ট্রাম্প করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য ও নিরাপত্তার দিক বিবেচনায় দূর থেকে দুই প্রার্থীর বিতর্কে অংশ নেওয়ার ব্যবস্থা করার কথা কমিশন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়।
বিতর্ক আয়োজনের স্থান ফ্লোরিডার মিয়ামি থেকই অনুষ্ঠান পরিচালনা করা এবং দক্ষিণ ফ্লোরিডার ভোটারদের কাছ থেকে প্রশ্নের ভিত্তিতে টাউন-হল-ধাঁচে বিতর্কের পরিকল্পনা করা হয়।
ট্রাম্প তাৎক্ষণিকভাবে এতে আপত্তি জানিয়ে ভার্চুয়াল বিতর্কের এই ধারণা ‘উদ্ভট’ বলে উড়িয়ে দিয়েছেন।
‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ জানায়, ফক্স বিজনেস চ্যানেলে এক সাক্ষাৎকারে ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, “ভার্চুয়াল বিতর্কের এই আয়োজন আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমি এই বিতকে অংশ নেব না।”
“বিতর্ক বলতে যা বোঝায় এটি সেরকম নয়। এই বিতর্কে অংশ নিয়ে আমি সময় নষ্ট করব না। কম্পিউটারের সামনে বসো আর বিতর্ক কর, এটা হাস্যকর।”
ডিবেট কমিশন বাইডেনকে রক্ষা করার চেষ্টা করছে বলেও ট্রাম্প অভিযোগ করেন।
এর আগে গতমাসে ওহাইও’র ক্লিভল্যান্ডে প্রথম বিতর্কে মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প এবং বাইডেন। ওই বিতর্কের দুইদিন পরই ট্রাম্পের করোনাভাইরাস ধরা পড়ে।
তিনরাত হাসপাতালে কাটানোর পর ট্রাম্প গত সোমবার হোয়াইট হাউসে ফিরেছেন। সেখানেই তার কোভিড—১৯ এর চিকিৎসা চলছে।
হোয়াইট হাউসে ফিরে দারুণ লাগছে জানিয়ে ট্রাম্প মঙ্গলবার বলেছিলেন, তিনি পরিকল্পনামাফিক ১৫ অক্টোবরেই বাইডেনের সঙ্গে ফ্লোরিডার বিতর্কে অংশ নেওয়ার অপেক্ষায় আছেন।
কিন্তু ট্রাম্প করোনাভাইরাস আক্রান্ত থাকা অবস্থায় তার সঙ্গে মুখোমুখি দ্বিতীয় বিতর্কে অংশ নেওয়া ঠিক হবে না বলে সঙ্গে সঙ্গেই জানান ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন।
এরপরই প্রেসিডেন্টশিয়াল ডিবেট কমিশন বৃহস্পতিবার দুই প্রার্থীর ভার্চুয়াল বিতর্ক আয়োজনের ঘোষণা দেয়।
