২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাইডেনের সঙ্গে ১৫ অক্টোবরেই বিতর্কের অপেক্ষায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের সঙ্গে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১৫ অক্টোবরই দ্বিতীয় দফা বিতর্ক করতে উন্মুখ হয়ে আছেন করোনাভাইরাস আক্রান্ত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Oct 2020, 10:55 PM

Updated : 18 Aug 2022, 03:52 PM

হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরে দারুণ লাগছে জানিয়ে ট্রাম্প মঙ্গলবার বলেন, তিনি পরিকল্পনামাফিকই বাইডেনের সঙ্গে ফ্লোরিডার বিতর্কে অংশ নিতে চান।

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে দিয়ে ট্রাম্পের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার ঘটনায় আগামী সপ্তাহে বাইডেনের সঙ্গে তার এই বিতর্ক অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ট্রাম্প অসুস্থতা নিয়েই বিতর্ক করার আগ্রহ দেখালেন।

গত বৃহস্পতিবার ট্রাম্প নিজের এবং তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়ার কোভিড-১৯ ‘পজিটিভ’ হওয়ার খবর জানান। শুরুতে হোয়াইট হাউসে থেকেই চিকিৎসার পরিকল্পনা করা হলেও ৭৪ বছরের ট্রাম্পের জ্বর হওয়ায় এবং রক্তে অক্সিজেনের মাত্রায় কমায় শুক্রবার তাকে হাসপাতালে নেওয়া হয়।

সেখানে জ্বর বাড়ায় এবং পুনরায় রক্তে অক্সিজেনের মাত্রা কমায় তাকে কৃত্রিমভাবে অক্সিজেনও দিতে হয়েছে। তবে শুক্রবারের পর ট্রাম্পের আর জ্বর আসেনি, অক্সিজেন লেভেলও স্বাভাবিক আছে।

তিন রাত হাসপাতালে কাটানোর পর অবস্থার উন্নতি হওয়ায় সোমবার তিনি হোয়াইট হাউজে ফিরে যান। এরপর প্রথম রাত দারুণ কেটেছে জানিয়ে এক টুইটে ট্রাম্প লেখেন, ‘‘দারুণ লাগছে।”

 

তার পরের টুইটে ট্রাম্প লেখেন, ‘‘আমি আগমী ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় মিয়ামির বিতর্ক অনুষ্ঠানের অপেক্ষায় আছি। এটা দারুণ হবে।”

 

পুরনো খবর:

‘কোভিডকে ভয় পাবেন না’, হোয়াইট হাউসে ফিরে বললেন ট্রাম্প