২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিনের আগেই আফগানিস্তানের মার্কিন সেনাদের ঘরে ফেরা উচিত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চলতি বছরের বড়দিনের আগেই আফগানিস্তানে থাকা সব মার্কিন সেনার ঘরে ফিরে আসা উচিত বলে মন্তব্য করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2020, 05:52 PM

Updated : 08 Apr 2022, 01:27 AM

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন ‘আগামী বছরের শুরুর দিকে আফগানিস্তানে মার্কিন সেনার পরিমাণ কমিয়ে আড়াই হাজারে নিয়ে আসা হবে’ জানানোর কয়েক ঘণ্টা পর বুধবার ট্রাম্প এ মন্তব্য করেন। 

“আফগানিস্তানে আমাদের যে অল্প সংখ্যক সাহসী নারী-পুরুষ দায়িত্ব পালন করছে বড়দিনের আগেই তাদের ঘরে ফিরে আসা উচিত,” টুইটারে ট্রাম্প এমনটাই বলেছেন।

এটি কি তার নির্দেশ, নাকি প্রত্যাশা- তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে কাতারে হওয়া ঐতিহাসিক এক চুক্তিতে তালেবানদের সন্ত্রাসবাদবিরোধী অবস্থানের শর্তে আগামী বছরের মে মাসের আগেই আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

চুক্তির ফলে তালেবানরা একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং ক্ষমতা ভাগাভাগি নিয়ে পশ্চিমা সমর্থিত আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতেও রাজি হয়।

ট্রাম্প এবং মার্কিন অনেক কর্মকর্তা এর আগে নভেম্বরের মধ্যেই আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সৈন্যসংখ্যা ৪ থেকে ৫ হাজারে নিয়ে আসা হবে বলে জানিয়েছিলেন। আফগানিস্তানের পরিস্থিতি বিবেচনা করেই সৈন্য হ্রাস করা হবে, বলেছিলেন তারা।

রয়টার্স জানিয়েছে, নভেম্বরের নির্বাচনে ফের জয়ী হয়ে হোয়াইট হাউসের দখল ধরে রাখতে চাওয়া ট্রাম্প তার প্রচারণায় বারবারই ‘অহেতুক অন্তহীন যুদ্ধ’ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার কৃতিত্ব দাবি করছেন; যদিও এখনও আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি বিদ্যমান।

২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়া তালেবানরা মার্কিন প্রেসিডেন্টের বুধবারের টুইটকে স্বাগত জানিয়েছে।

“তার বিবৃতি দোহা চুক্তি বাস্তবায়নের পথে একটি ইতিবাচক পদক্ষেপ,” বলেছেন তালেবানদের মুখপাত্র মোহাম্মাদ নাঈম।

ট্রাম্পের টুইট নিয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশটির কর্মকর্তারা তড়িঘড়ি করে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পরিণতি ভালো হবে না বলে দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন।

বুধবার মার্কিন সেনাদের ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে ট্রাম্পের টুইটের কয়েক ঘণ্টা আগে লাস ভেগাসে ইউনিভার্সিটি অব নেভাদার এক অনুষ্ঠানে রবার্ট ও’ব্রায়েন জানান, আফগানিস্তানে এখন মার্কিন সেনার সংখ্যা ৫ হাজারের কম। আগামী বছরের শুরুর দিকে এ সংখ্যা আড়াই হাজারে নামিয়ে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।  

“শেষ পর্যন্ত আফগানদের নিজেদেরকেই একটি চুক্তি নিয়ে কাজ করতে হবে, শান্তি চুক্তি। এটি খুবই ধীরগতির হতে যাচ্ছে, অগ্রগতিও সহজে হবে না। কিন্তু আমরা মনে করছি, এটা একটা প্রয়োজনীয় পদক্ষেপ, আমাদের মনে হয় যুক্তরাষ্ট্রের সেনাদের বাড়ি ফিরে আসা উচিত,” বলেন ও’ব্রায়েন।

পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্প তালেবানদের সঙ্গে সৈন্য কমানো নিয়ে চুক্তি করলেও, নভেম্বরের নির্বাচনে তিনি হেরে গেলে এ চুক্তির বাস্তবায়ন আটকে যেতে পারে।

যুক্তরাষ্ট্র ধীরে ধীরে সৈন্য সংখ্যা কমালেও আফগানিস্তানে সরকার সমর্থিত বাহিনী ও তালেবানদের মধ্যে যুদ্ধ বন্ধ হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষের যুদ্ধে কয়েক ডজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।