২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালের সামনে সমর্থকদের ভিড়, ধন্যবাদ জানিয়ে ট্রাম্পের টুইট

করোনাভাইরাস আক্রান্ত ডনাল্ড ট্রাম্পকে ওলটার রিড মেডিকেল সেন্টারে ভর্তির পর তার সমর্থকরা হাসপাতালের সামনে জড়ো হয়ে প্রিয় প্রেসিডেন্টের সুস্থতা কামনা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2020, 07:47 PM

Updated : 18 Aug 2022, 03:51 PM

ট্রাম্পের শুভ কামনায় শনিবার থেকেই সেখানে ভিড় জমান সমর্থকরা। এই বিপুল সমর্থনের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রোববার টুইট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এটিই ট্রাম্পের প্রথম টুইট। এর আগে শনিবার রাতে হাসপাতাল থেকে দেওয়া এক ভিডিও পোস্টে ট্রাম্প আশা প্রকাশ করে বলেছিলেন, “আমি শিগগির ফিরে আসব।”

ট্রাম্প ভিডিওটি শুরু করেছিলেন সেই সব চিকিৎসকদের ধন্যবাদ দিয়ে যারা হাসপাতালে ভর্তির পর থেকেই তার দেখভাল করে আসছেন।

গত শুক্রবার বিকালে ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকেই ট্রাম্পের সমর্থকরা সেখানে জড়ো হতে শুরু করেন। তাদের কেউ কেউ যুক্তরাষ্ট্রের পতাকা নেড়ে, কেউ ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা ক্যাপ পরে হাসপাতালের বাইরে জড়ো হন।

কারও ‍হাতে দেখা গেছে ‘ট্রাম্প ২০২০’ লেখা পতাকা। কাউকে কান্না ভেজো চোখে হাত জোড় করে ট্রাম্পের জন্য প্রার্থনা করতেও দেখা গেছে।

হাসপাতালের সামনে জড়ো হওয়া এই ট্রাম্প সমর্থকদের বেশ কিছু ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেরকম একটি ভিডিওই নিজের টুইটারে পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ‘‘অসংখ্য ধন্যবাদ।”

 

বৃহস্পতিবার মধ্যরাতের পর এক টুইটে ট্রাম্প নিজেই তার এবং ফার্স্ট লেডি মেলানিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেন।

শরীরে রোগের উপসর্গ দেখা দিতে শুরু করায় পরদিন ৭৪ বছরের ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়। বয়স এবং বাড়তি ওজনের কারণে ট্রাম্প এ রোগে ঝুঁকিপূর্ণদের কাতারে পড়েছেন।

যদিও টুইটারে নানা পোস্ট এবং ভিডিও বার্তার মাধ্যমে ট্রাম্প জানিয়ে যাচ্ছেন, রোগাক্রান্ত হলেও তিনি ভাল আছেন।